সবুজের সমারোহ পাখির কলতান

‘টুনটুনি পাখির থাকার জায়গা করে দিচ্ছি। ওরা জঙ্গল খুব পছন্দ করে। আড়ালে থাকতে ভালোবাসে। প্রথমে তাই কিছু ঝোপালো গাছ লাগাচ্ছি। পরে ডুমুর আর লটকনগাছ লাগাব। টুনটুনি পাখি ওই দুই গাছে বাসা বেঁধে আরাম পায়।’
ধানমন্ডি লেক সার্কাসের ৩০/৩ নম্বর বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গা দেখিয়ে কথাগুলো বলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য ইলিয়াস হায়দার।
গত শুক্রবার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার চারপাশে ১২টি ফুটো করা মাটির হাঁড়ি ও টিনের বাক্স টাঙানো। তাতে বুনো শালিক ও দোয়েল বাসা বাঁধে। মাঝেমধ্যে চড়ুইও আসে। একই তলার দুই বারান্দায় সাজানো পাখির খাঁচা। ভেতরে হালকা হলুদ ও সাদা আলোর ব্যবস্থা। নানা প্রজাতির ৫০টি বিদেশি পাখির আবাস। এর মধ্যে রয়েছে ঘুঘু, ক্রেস্টেট বাজরিগার ইত্যাদি। এ ছাড়া বাড়ির সিঁড়িঘরজুড়ে কবুতরের খাঁচা। আছে সিরাজি, লক্ষা, কিং শাটিন, গিরিবাজসহ বিভিন্ন প্রজাতির ৪০টি কবুতর।
পাখি পালনের বিষয়ে ইলিয়াস হায়দার বলেন, পাখি পালনের শখ আমার বহুদিনের। পাখির সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। কিশোর বয়স থেকেই পাখি পোষার অভ্যাস।’ বাড়িটি বেশ পুরোনো ধাঁচের। গাছগাছালিতে ভরা। দ্বিতীয় তলার সামনের বারান্দায় গ্রিলে ঝুলছে টবে লাগানো নানা প্রজাতির গাছ। পরিপাটি করে গোছানো। আরও আছে মাছের অ্যাকুরিয়াম। দ্বিতীয় তলার চারপাশ ঘিরে থাকা টব বাগানে আছে বাগানবিলাস, গাব, নাগলিঙ্গম, হিজল, রাবার, তুলসী, করমচা, রঙ্গন, হাসনাহেনা, হৈমন্তী, অর্জুন, হরীতকী, বহেড়া, মহুয়া, কামিনী, বিলিম্বি, কামরাঙা, বটের চারা—এসব।
টব বাগান নিয়ে ইলিয়াস হায়দার বলেন, ‘ছায়ায় সব ধরনের গাছ বাঁচে না। যেসব গাছ ছায়ার মধ্যেও ভালো থাকবে, সেসব গাছই লাগিয়েছি। নিয়মিত পানি ও মাটি আলগা করে দিই। আমি গাছের শরীরে হলুদ পাতা রাখি না, তুলে ফেলে দিই।’
খাবার ঘরে আছে একটি বড় অ্যাকুরিয়াম। ঘরে-বাইরে মিলে আছে গাপ্পি, প্যারট ফিশ, ব্লু-গ্লোরিয়ান, সাকার, কয়েক রকম শার্কসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শ মাছ।
বাড়ির ছাদে অর্ধেক অংশজুড়ে গড়ে তোলা হয়েছে মাঝারি আকারের বাগান। ছোট-বড় টবে লাগানো ফল, ফুল, সবজি ও ঔষধি গাছ। আছে আম, লিচু, মধু মঞ্জরি, লেবু, পেয়ারা, পেঁপে, বড়ুই, জলপাই, করলা, আঙুর, ব্লুনিয়া, ক্যাকটাস, কাঁটা মেহেদি, বাগানবিলাস, আঙুরলতা, চেরি, বনসাই, অশ্বত্থ ও নানা প্রজাতির পাতাবাহার। এ বাগানটি হায়দার হোসেনের ভাই লুতফর রহমান গড়ে তুললেও পরিচর্যার দায়িত্ব বাড়ির সবার।
হায়দার হোসেন বাড়ির নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে সারা বাড়ি ঘুরে পাখি ও বাগানের দেখাশোনা করেন। তাঁর বাগান করার অভিজ্ঞতা প্রায় ৫৫ বছরের। পাশাপাশি তিনি রেডিওর অনুষ্ঠান, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন।
ইলিয়াস হায়দার প্রথম আলোকে বলেন, ‘যখন ক্লান্ত লাগে, বাগান ও পাখিদের সঙ্গ দিই। ক্লান্তি চলে যায়। বাতাসে গাছের পাতা দুলছে, এই দৃশ্যটা আমার খুব প্রিয়। গাছের শরীর ছুঁয়ে ঘরে প্রবেশ করা বাতাস গায়ে লাগলে মনটা শীতল হয়ে আসে।’