
সূর্যের তেজ সকাল থেকে আগুন ঝরাতে শুরু করেছিল। জ্যৈষ্ঠের খরতাপে সবাই চাইছিলেন একটু শীতল ছায়া। বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত এবারের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা আঞ্চলিক উৎসবে তাই প্রাধান্য পেল প্রকৃতি। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সবুজের সমারোহে গতকাল শুক্রবার আয়োজন করা ভাষা প্রতিযোগের।
উৎসবের আয়োজক, অতিথি, অংশগ্রহণকারী, অভিভাবক—সবাই চিন্তিত ছিলেন মাত্রাতিরিক্ত গরম নিয়ে। কিন্তু গাছগাছালিতে ভরা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ আর পুরু শামিয়ানার তলে বসার ব্যবস্থা সবাইকেই খানিকটা রেহাই দেয়।
সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এ পর্ব সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।
রাশেদা কে চৌধূরী ঢাকার ইট-কংক্রিটের জঞ্জালের মধ্যে এমন সবুজের সমারোহে অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যতে ভাষাকে সামনে এগিয়ে নিতে পারো, অন্তরে ধারণ করতে পারো, ভাষা নিয়ে গর্ব করতে পারো—এমন সাহস নিয়ে এগোতে হবে।’
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সবার উদ্দেশে রাশেদা কে চৌধূরী প্রশ্ন করেন, ‘মেয়েদের ১৬ বছরে বিয়ে দেওয়ার প্রস্তাব উঠেছে। সেটা কি আমরা সমর্থন করি?’ এ সময় উপস্থিত সবাই সমস্বরে বলেন ‘না’। রাশেদা কে চৌধূরী বলেন, ‘মেয়েদের আরও এগিয়ে যেতে হবে। তাদের থামিয়ে দেওয়া চলবে না।’
অধ্যক্ষ আসাদুজ্জামান সুবহানী বলেন, বিশ্বে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে যে যোগাযোগ বাড়ছে, তা ভবিষ্যতে কাজে লাগবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র শেখর ও একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম। আরও ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গুলশান আরা ও ভাষা প্রতিযোগ ২০১৫-এর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর।
উদ্বোধনের পর ৪০ মিনিট চলে পরীক্ষা। বরাবরের মতো এবারও শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার শ্রেণিতে প্রতিযোগিতায় অংশ নেয়। পরিবেশ দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ভাষা প্রতিযোগের আয়োজকদের পক্ষ থেকে করা হয় বৃক্ষরোপণ। বৃক্ষ রোপণ করেন নিসর্গবিদ দ্বিজেন শর্মা, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো, রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ফেরদৌস আরা, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও অতিথিরা।
পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। মঞ্চ থেকে ভাষা বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্ন ও কৌতূহলের জবাব দেন শিক্ষকেরা।
এ সময় নিসর্গবিদ দ্বিজেন শর্মা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিজ্ঞানীরা অনেক আগেই বলেছিলেন বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বাড়লে পৃথিবীর তাপমাত্রা বাড়বে। তাঁদের কথা আমরা শুনিনি। এখন আমরা ভুগছি। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণ বাড়াতে হবে, নদীদূষণ রোধ ও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে হবে।’
প্রশ্নোত্তর পর্বের মাঝেই গান গাইতে মঞ্চে আসেন সংগীতশিল্পী কোনাল, চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৯-এর দ্বিতীয় রানারআপ মেহেদী ও খুদে গানরাজ ২০০৯-এর চ্যাম্পিয়ন প্রান্তি। এরপর শুরু হয় পুরস্কার বিতরণ। চার বিভাগ থেকে মোট ১০০ জনকে নির্বাচিত করা হয়েছে। বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন এবং হাতে বই তুলে দেন অতিথিরা। এরা ঈদের পর অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
এবার ভাষা প্রতিযোগ আয়োজনে সহযোগিতা করছে গণসাক্ষরতা অভিযান। ঢাকাসহ সারা দেশের নয়টি অঞ্চলে উৎসব হয়েছে এবার।