সবুজের সমারোহ মাছের হালদায়!
সবুজ কার্পেটে যেন ঢেকে রাখা হয়েছে হালদার দুই কূল। মাঝে ক্ষীণ স্রোতধারা।
প্রতিবছর শীত এলেই হালদার রূপ বদলে যায়। মাছের জন্য এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদা শীত মৌসুমে তার দুকূল উজাড় করে দেয় সবজি চাষে। হালদায় তখন সবুজের সমারোহ। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, মুলাসহ শীতকালীন সবজিতে ভরে ওঠে প্রস্থে ছোট হয়ে আসা হালদার দুই তীর। নদীর বুকে জেগে ওঠা চরেও চাষ হয় সবজির।
অক্টোবর মাসে হালদায় পানি কমতে শুরু করলে নদীতীরের মানুষের জীবনও বদলে যেতে থাকে। শীতকালীন সবজি আবাদে ব্যস্ত হয়ে ওঠেন কৃষকেরা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুক চিরে বয়ে চলা হালদা নদীর তীরে সবজি চাষ চলছে ৪০ বছরেরও বেশি সময় ধরে। শুরুতে সবাই আগ্রহী না হলেও এখন এই এলাকার কৃষকদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে শীতকালীন সবজি চাষ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, হালদার দুই তীরে এবার ৩৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করা হয়েছে। আবাদ হচ্ছে নদীর চরের আরও প্রায় ৪০০ হেক্টর জমিতে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুম্ভারপাড়া, নাইচ্যারকুল, নাজিরহাট চর, সুয়াবিল ইউনিয়নের ভাঙ্গাদিঘীর পাড়, পূর্ব-সুয়াবিল, মন্দাকিনী, সুন্দরপুর ইউনিয়নের এককুলীয়া, পাঁচপুকুরিয়া, সুন্দরপুর চর এবং হারুয়ালছড়ি এলাকার হালদার দুই তীরের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তীর্ণ চরের জমিতে শাকসবজির চাষ হচ্ছে। অনেকে ফলন ঘরে তুলতে শুরু করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ প্রথম আলোকে বলেন, যেহেতু এসব সবজির জীবনকাল ৪৫ থেকে ৬০ দিন। স্বাধীনতার পর থেকে এ অঞ্চলের চরের কৃষকেরা সবজির আবাদ করছেন। উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজির চাষ করে তাঁরা আর্থিকভাবেও সচ্ছল হয়েছেন।
কুম্ভারপাড়া গ্রামের কৃষক আলী আবদুল্লাহ বলেন, ‘শুরুতে মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপির ফলন ভালো হতো। আশা করছি, এবার মরিচসহ অন্য সবজিরও বাম্পার ফলন হবে।’
হালদার কুল গ্রামের সবজিচাষি মোতাহার হোসেন জানান, নদীর তীরে কম সারেও ফলন ভালো হয়।
দৌলতপুরের মো. ফরিদ ও সুয়াবিল গ্রামের সবজিচাষি নুরুল আমিন জানান, গত বছর সবজির বাম্পার ফলন হলেও হরতাল-অবরোধের কারণে ন্যায্য দাম পাওয়া যায়নি। তাই অনেককে লোকসান গুনতে হয়েছে। এ বছর লাভের মুখ দেখবেন এমন আশা তাঁদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, কৃষকদের মধ্যে সরকার ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করায় সবজির আবাদ করে অনেকেই লাভবান হয়েছেন।