
সিনেমায় চলছে শিখন কার্যক্রম। কখনো পরিবেশ সচেতনতামূলক টেলিফিল্ম, কখনোবা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো ডকুমেন্টারি। এসব প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের বলা হয় প্রকৃতির জন্য ভালোবাসার কথা। শেখানো হয় কীভাবে এ পৃথিবীকে বাসযোগ্য, সুন্দর ও জীবনযাপনের উপযোগী করে তোলা যায়।
চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায়ের উদ্যোগে চাঁদপুরে প্রতিষ্ঠিত হয়েছে ‘বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন’ (ব্রেইভ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে সংগঠনটি পরিবেশবিষয়ক শিক্ষা প্রচারে শিক্ষার্থীদের মনে সাড়া জাগিয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা প্রদর্শন, মাদক ও ইভ টিজিং-বিরোধী টেলিফিল্ম নির্মাণ ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ‘ছবি ফেরি’, ছাত্রছাত্রীদের নির্মাণ প্রশিক্ষণ প্রদানের জন্য ‘ছবি শিখি’, নিজেদের আয়োজনে চলচ্চিত্র নির্মাণের জন্য ‘ছবি করি’ এবং ভিজ্যুয়াল বুক প্রকাশের জন্য ‘চিত্রলেখা’—এই চারটি গ্রুপ একসঙ্গে কাজ করে ‘ব্রেইভ’-এর কর্মসূচি বাস্তবায়ন করছে। পুরো কাজটি চলছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।
সংগঠনের প্রতিষ্ঠাতা রূপক রায় বলেন, ‘একদল প্রশিক্ষিত তরুণ, যাঁরা অডিও-ভিজ্যুয়াল মাধ্যম নিয়ে স্বপ্ন দেখেন, অডিও ভিজ্যুয়াল শিক্ষার মাধ্যমে সমাজের সব অন্ধত্ব ঘোচাতে চান, তাঁদের নিয়েই ব্রেইভের যাত্রা শুরু করেছি। এর কার্যক্রম ব্যতিক্রমী।’
রূপক রায় বলেন, ‘শিক্ষার্থীদের পরিবেশবিষয়ক পাঠদান করতে অডিও ভিজ্যুয়ালে সহশিক্ষা কার্যক্রম একটি শক্তিশালী মাধ্যম। ২০১৩ সালে আমরা প্রথমে মাদক ও ইভ টিজিং-বিরোধী টেলিফিল্ম শুভ সকাল নির্মাণ করি। ফিল্মটি এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখানো হয়। ২০১৫ সালে এই সংগঠনের পক্ষ থেকে নির্মাণ করা হয় পরিবেশসচেতনতামূলক টেলিফিল্ম সেঞ্চুরি আকাশছোঁয়া। চ্যানেল আইতে ফিল্মটি দেখানো হয়। ফিল্মগুলো সংগঠনের নিজস্ব অর্থায়নে নির্মিত।’
টেলিফিল্মটি প্রদর্শনের মাধ্যমে এই সংগঠন পরিবেশ রক্ষায় বহু শিক্ষার্থীর মনে একটা স্থায়ী ছাপ রেখে চলেছে। এ যাবৎ চাঁদপুরের প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে টেলিফিল্মটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুধু সিনেমা দেখানো নয়, প্রদর্শনকালে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হয় ভিজ্যুয়াল বুক। সংগঠনটি এখন পর্যন্ত পাঁচ হাজার ভিজ্যুয়াল বই ছেপেছে। অডিও ভিজ্যুয়াল দেখে শিক্ষার্থীরা যতটুকু উদ্বুদ্ধ হয়, বাড়িতে গিয়ে ভিজ্যুয়াল বইটি দেখে বিষয়টি তারা আরও বেশি মনে রাখতে পারছে। পরিবেশবিষয়ক ফিল্মটির পাশাপাশি মাদকবিরোধী ফিল্মটিও দেখানো হচ্ছে।

শ্রেণিকক্ষে অডিও ভিজ্যুয়াল দেখে শিক্ষার্থীরা শপথ করে, তারা কখনো গাছ কাটবে না, গাছের চারা লাগিয়ে বিদ্যালয়ে বাগান গড়ে তুলবে। এই কার্যক্রম পরিচালিত হয়েছে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা বলেন, ‘সংগঠনটি আমাদের বিদ্যালয়েও একটি চমৎকার আয়োজন করেছে। সিনেমা দেখিয়ে ছাত্রীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছে। তারপর “বাগান গড়ি” কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাত দিয়ে গাছের চারা রোপণ করে দিয়েছে। স্কুলে বাগান পরিচর্যা করা এখন আমার দায়িত্ব মনে করি।’ চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দিলীপ দাস বলেন, “‘বিদ্যালয়ে বাগান গড়ি” একটি অসাধারণ কনসেপ্ট। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাছ লাগানোর উৎসবে মেতে উঠবে। এ তো শুধু বিদ্যালয়ে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীরা যদি গাছ লাগানোর, বাগান গড়ে তোলার আনন্দ পেয়ে যায়, তাহলে তো তারা তাদের বাড়িতেও এ কাজ চালিয়ে যাবে। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রেইভ যেভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছে, তা সত্যিই অসাধারণ।’
তিন বছর যাবৎ এই সংগঠন সিনেমা দেখানোর আয়োজন করে চলেছে। সংগঠনের সদস্যরা প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করেন। তারপর একটি দিন ধার্য করে ক্লাস শেষে শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক সিনেমা দেখার আয়োজন করেন। এ ছাড়া সংগঠনটি কয়েক বছর ধরে বিশেষ বিশেষ দিনে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা প্রদর্শন করে থাকে। সংগঠনের সদস্য নাজমুল হক বলেন, ‘এত দিন আমরা মানবিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছি। ২০১৫ সাল থেকে পাঠ্যপুস্তকভিত্তিক বিষয় নির্মাণ ও প্রদর্শনের পাশাপাশি মূল বিষয় নির্ধারণ করা হয়েছে পরিবেশসচেতনতা। এ কার্যক্রমের উদ্দেশ্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশবিষয়ক অডিও ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে পরিবেশসচেতন করে তোলা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি বাগান গড়ে তোলা। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা গাছ লাগাতে, গাছের পরিচর্যা করতে শিখছে।’
সংগঠনের সদস্য ঝুমা দেব জানালেন, ‘আমরা কারও কাছ থেকেই কোনো অর্থ সাহায্য চাই না। আর আমাদের খুব বেশি অর্থের প্রয়োজনও নেই। নিজেদের যা আছে, তা নিয়েই কাজ করে যাচ্ছি।’ সংগঠনের ব্যয় কীভাবে নির্বাহ হয় জানতে চাইলে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘সংগঠনের উপার্জনক্ষম সদস্যরাই সব ব্যয় নির্বাহ করি। একটি বিদ্যালয়ে ১০টি গাছের চারা রোপণ করা হয়। আমাদের ১০ জন সদস্য ১০টি চারা নিয়ে আসেন। তবে তার আগে সিনেমা দেখার সব আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোতেই হচ্ছে। যেখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, সেখানে প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে অন্য ব্যবস্থায় দেখানো হয়।’
এ সংগঠনের সদস্য আশ্রাফুল ইসলাম বলেন, ‘আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকায় একসময় হীনম্মন্যতায় ভুগতাম। ব্রেইভে কাজ করতে এসে আমি আমার সমস্যার কথা ভুলে গেছি। আমার পড়ালেখার পাশাপাশি ব্রেইভে কাজ করতে এসে আমি ভিডিও এডিটিং, ক্যামেরা পরিচালনা ইত্যাদি কাজ শিখছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “বাগান গড়ি” কার্যক্রম পরিচালনা করে আমি আনন্দ বোধ করি। আমি ভুলে যাই আমার শারীরিক প্রতিবন্ধকতার কথা।’ চাঁদপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র নাজমুল হোসেন বলেন, ‘পড়াশোনার পাশাপাশি ব্রেইভে কাজ করতে এসে অনেক কিছু শিখেছি। স্যারের উৎসাহে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ডকুমেন্টারি ও চলচ্চিত্র নির্মাণবিষয়ক প্রশিক্ষণ নিয়েছি। আমাদের সংগঠনের আরও অনেকেই এখান থেকে প্রশিক্ষণ কোর্স করেছেন। এখন অডিও ভিজ্যুয়াল মাধ্যমে শিক্ষামূলক কনটেন্ট, নাটক ইত্যাদি কাজ করে সফল হতে চাই।’
রূপক রায়ের নেতৃত্বে ব্রেইভের সদস্যরা অডিও ভিজ্যুয়াল মাধ্যম ব্যবহার করে সবুজের স্বপ্ন বুনছেন।