সবে অনুসন্ধান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের পূর্বাঞ্চলীয় নিরাপত্তাপ্রধান মো. ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জনপ্রতি তিন-চার লাখ টাকা ঘুষ নিয়ে রেলের প্রহরী পদে নিয়োগদানের অভিযোগ ওঠার এক বছর পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবে এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ওপর অনুসন্ধান শুরু করেছে দুদক।
দুদকের তথ্য ও রেলওয়ে সূত্রের অভিযোগ অনুযায়ী, গত বছরের ১ এপ্রিল রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রহরী পদে ২৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের জন্য কমান্ড্যান্ট মো. ফারুক আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। কমিটির একজন সদস্যের স্বাক্ষর ছাড়াই নিয়োগের কাজ সম্পন্ন করা হয়। লিখিত পরীক্ষার পরিবর্তে শারীরিক সক্ষমতা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে এবং বেশি নম্বরপ্রাপ্ত প্রার্থীদের বাদ দিয়ে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। নিয়োগ-বাণিজ্যের টাকা দিয়ে ফারুক আহমেদ ঢাকার রামপুরা ও বনশ্রীতে ফ্ল্যাট এবং পূর্বাচলে জমি কিনেছেন—এমন অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে দুদক সূত্র।
জানা গেছে, ফারুক আহমেদ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন রেলের পূর্বাঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী, বিভাগীয় পার্সোন্যাল কর্মকর্তা আশরাফ হোসেন, টিসিই (টিকিট চেক এক্সামিনার) ময়নূল ইসলাম ও উপপ্রধান পরিচলন কর্মকর্তা (পশ্চিমাঞ্চল) এমদাদুল হক। এঁদের মধ্যে রমজান আলী ছাড়া বাকিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশ ও অর্থের বিনিময়ে ওই মেধাক্রম তৈরির অভিযোগ ওঠে। অনিয়মের কারণে রমজান আলী নিয়োগ-প্রক্রিয়ার কাগজপত্রে সই করেননি। নিয়োগ পাওয়া প্রহরীদের মধ্যে ১৪৯ জনকে রেলওয়ের পূর্বাঞ্চল ও ১১৬ জনকে পশ্চিমাঞ্চলে পোস্টিং দেওয়া হয়।
প্রায় এক বছর পর ৩ মার্চ অনুসন্ধান চালানোর অনুমতি পায় দুদকের চট্টগ্রাম কার্যালয়। এ লক্ষ্যে দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান ও আবুল বাশারের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ১০ মার্চ নিয়োগ কমিটির নামের তালিকা, নম্বর তালিকা, নিয়োগ-সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র চেয়ে রেলওয়ের কাছে চিঠি দেয় দুদক। ২৪ মার্চ কিছু নথি দুদকের হাতে আসে।
রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, অভিযোগ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মকবুল আহম্মেদের সঙ্গে দেখা করে তাঁর সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম দুদকের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া। মকবুল আহম্মেদ বলেন, ‘আমি নতুন এসেছি, তাই দুদকের পরিচালক আমার সঙ্গে পরিচিত হতে এসেছিলেন।’
আবদুল আজিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে মামলার প্রস্তুতি নেওয়া হবে।
অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, আপাতত ফারুক আহমেদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে।
এদিকে অভিযোগ অস্বীকার করে ফারুক আহমেদ গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘কমিটির পাঁচজন সদস্যের নম্বর গড় করেই মেধাতালিকা করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী রমজান আলী তাঁর পছন্দের একটি তালিকা দিয়েছিলেন। কিন্তু আমরা সেটি মানিনি।’