কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় গতকাল রোববার দুপুরে অবৈধ অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদের গাড়িও তল্লাশি করে বিজিবি। কিন্তু তাঁকে আটকে রাখা হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পরে ছাত্রলীগের সভাপতিকে ছেড়ে দেওয়ার খবর পেলে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গতকাল টেকনাফের হোয়াইক্যং ও নীলা ইউনিয়ন পরিষদের নির্বাচনী কার্যক্রম দেখতে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং চেকপোষ্টে ছাত্রলীগের সভাপতির গাড়ি তল্লাশি করেন বিজিবির সদস্যরা। বহরে ছিল একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা ও তিনটি মোটরসাইকেল।
প্রথমে অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা অবৈধ একটি চায়নিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি চাকুসহ ছাত্রলীগের চার কর্মীসহ পাঁচজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের মো. জুয়েল, টেকপাড়ার মেহেদী হাসান, পাহাড়তলীর মনছুর আলী, আবেদ কাশেম ও অটোরিকশাচালক উখিয়ার লিয়াকত আলী। এরপর বিজিবির সদস্যরা প্রাইভেট কারে (ব্যক্তিগত গাড়ি) তল্লাশি চালান। এ গাড়িতে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক ও শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসেন।
বিজিবি সূত্র জানায়, ছাত্রলীগের সভাপতিকে আটক করা হয়েছে—এ খবর ছড়িয়ে পড়লে নেতা-কর্মীরা কক্সবাজার-টেকনাফ সড়কের লিংক রোড, মরিচ্যা, কোটবাজার, বালুখালী, ফালংখালী, কক্সবাজার শহরের প্রধান সড়ক, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু, ঈদগাহ, চকরিয়া অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দূরপাল্লার বাস আটকা পড়ে।
দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা দেড়টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনাস্থলে পৌঁছে নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ অভিযোগ করেন, উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির ইন্ধনে বিজিবির সদস্যরা তাঁকে আটকের চেষ্টা করেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। তাঁকে ছেড়ে দিলেও বিজিবির সদস্যরা ছাত্রলীগের চারজন কর্মীকে আটক করেছেন।
তবে এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, অটোরিকশা তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়। তাঁদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, জেলা ছাত্রলীগের সভাপতির গাড়ি তল্লাশি করা হয়েছে। তাঁকে আটক করা হয়নি।
জেলা ছাত্রলীগের সভাপতির অভিযোগের বিষয়ে সাংসদ আবদুর রহমান বদি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টেকনাফের ইউপি নির্বাচনকে ঘিরে ছাত্রলীগ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।