চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার বন্দর ব্যবহারকারী ফোরামের সভা চলছিল চেম্বার মিলনায়তনে। সভায় বন্দরের পরিস্থিতি নিয়ে উদ্যোগ না নেওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি, নৌপরিবহনমন্ত্রী এবং বন্দরের চেয়ারম্যানের প্রতি ক্ষোভ জানানো হয়। প্রায় ১০ মিনিট পর সভা অসমাপ্ত রেখে তাৎক্ষণিক সিদ্ধান্তে বন্দর ব্যবহারকারীরা দুই কিলোমিটার দূরে বন্দর ভবনের সামনের সড়কে গিয়ে প্রতীকী অবস্থান করেন।দুপুরে ১০ মিনিটের এই প্রতীকী অবস্থানে বন্দরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়। এ প্রতিবাদে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাংসদ ও বন্দর ব্যবহারকারী ফোরামের সভাপতি এম এ লতিফ। তিনি বলেন, মন্ত্রণালয়ের আমলাদের দিয়ে বন্দর চালানো যাবে না। তাঁরা না বুঝে সিদ্ধান্ত দেন। বন্দর চালাতে হলে ব্যবহারকারীদের অংশগ্রহণ থাকতে হবে। বন্দরের পরিস্থিতি নিয়ে ব্যবহারকারীদের সঙ্গে বন্দরের চেয়ারম্যান ও নৌপরিবহনমন্ত্রী বৈঠকে না বসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি জানান, এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বন্দর ব্যবহারকারীরা তাঁর হস্তক্ষেপ চাইবেন।চেম্বার মিলনায়তনে বন্দর ব্যবহারকারী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত অসমাপ্ত সভায় বক্তব্য দেন বিজিএমইএ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মাস্টার্স স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘গত সাড়ে তিন বছরে বন্দর যে দক্ষতা অর্জন করেছে, মাত্র দেড় মাসের মাথায় সেই সুনাম শেষ হয়েছে। কথায় কথায় বন্দর অচলের সংস্কৃতি ফিরিয়ে আনছে শ্রমিকেরা। আগামী এক মাস এভাবে চললে ব্যবসায়ীরা দাঁড়ানোর জায়গা পাবে না।’শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, ‘বন্দরে আগে প্রতিটি জাহাজ দুই থেকে আড়াই দিন অবস্থান করলেও এখন গড়ে পাঁচ থেকে ছয় দিন অবস্থান করছে। পণ্য ওঠানো-নামানোর ধীরগতির কারণে প্রতিদিন একেকটি জাহাজকে ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে।’ বাংলাদেশ মাস্টার্স স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি হাসান মাহমুদ চৌধুরী বলেন, ‘বন্দর স্বাভাবিক রাখতে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেন, ‘বন্দর থেকে পণ্য সরবরাহ নিতে হলে এখন বকশিশ দিতে হয়; না হলে কনটেইনার নড়ে না।’গত ১০ মে রাত থেকে বন্দরের নিজস্ব পরিচালনায় সাধারণ জেটির ১২টিতে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়। এর আগে বেসরকারি বার্থ অপারেটররা বন্দরের এই ১২টি জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ পরিচালনা করতেন। ব্যবহারকারীদের অভিযোগ, বন্দরের নিজস্ব তত্ত্বাবধানে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হওয়ার পর গতিশীলতা কমছে।