সভা করে মান্নানকে জয়ী করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নানকে যেকোনো মূল্যে বিজয়ী করে আনতে হবে বলে বক্তব্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। গতকাল শনিবার গাজীপুরের টঙ্গী থানা বিএনপির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। টঙ্গীসংলগ্ন ঢাকার উত্তরার আবদুল্লাপুরে পলওয়েল কনভেনশন সেন্টারের নিচতলায় গতকাল বিকেল চারটা থেকে ওই বর্ধিত সভা হয়। দলের বর্ধিত সভা হলেও বক্তারা প্রায় সবাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এম এ মান্নানকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান এবং সবাইকে একযোগে কাজ করতে বলেন।সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক, হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সায়্যেদুল ইসলাম। কাউন্সিলর পদপ্রার্থীর ভূরিভোজ: গতকাল বিকেলে সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা তাঁর কর্মী-সমর্থকদের জন্য টঙ্গী খাঁ পাড়া এলাকার একটি বাড়িতে ভূরিভোজের আয়োজন করেন।এ ব্যাপারে নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভূরিভোজ অনুষ্ঠানের আয়োজন আমি করিনি।’রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, ‘সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার বাইরে সভা হলেও সেখানে নির্বাচন নিয়ে কথাবার্তা হলে তা আচরণবিধির লঙ্ঘন। অন্যদিকে ভূরিভোজের খবর পেয়ে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। কিন্তু প্রার্থী নাসিরকে পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁকে ফোন করে সতর্ক করা হয়েছে।’