সভা চলাকালে ধসে পড়ল ভবনের মেঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা চলার সময় সদর উপজেলা পরিষদের একটি প্রশিক্ষণ কেন্দ্রের মেঝে ধসে পড়ার ঘটনা ঘটেছে। বৃষ্টির পানি ভবনের নিচ দিয়ে যাওয়ার কারণে কিছু অংশের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গতকাল বুধবার বেলা ১১টার দিকে সেখানে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা শুরুর কিছুক্ষণ পরই প্রশিক্ষণ কেন্দ্রের একাংশের মেঝে ধ্বসে পরে। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ চারজন ওই ধসে পড়া অংশের মধ্যে পড়ে যান। তবে কেউ এতে গুরুতর আহত হননি বলে জানান।
শরিফুল ইসলাম আরও বলেন, ওই সভায় জেলা সদরের প্রায় ১৮০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেকে ভবনের বাইরে বসে সভার আলোচনা শোনেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, প্রায় চার বছর আগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা ব্যয়ে টিনসেডের ওই প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, পাশে গর্ত থাকায় বৃষ্টির পানির কারণে ভবনের নিচে মাটি সরে গেছে। সেখানে এক লাখ টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। এর মধ্যেই এ ঘটনা ঘটে।