সভা চলাকালে হামলা ও সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা বিএনপির এক সভা চলাকালে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত বুধবার সন্ধ্যার দিকে দলীয় কার্যালয়ে প্রতিপক্ষের হামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সামসুজ্জোহা খান গুরুতর আহত হয়েছেন। এ সময় সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের বিএনপি, ছাত্রদল, যুবদলের ১২ জন নেতা-কর্মী আহত হন। পরে এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।আহতদের মধ্যে রয়েছেন: বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) আবদুল লতিফ খান, শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অনুরুদ্ধ রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম, ছাত্রদল নেতা পারভেজ, উজ্জ্বল, মাহমুদুর রশীদ, সামসুল আরেফিন, এনামুল ও স্বেচ্ছাসেবক দলের মিলন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। আহত জোহা খানের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এবং ছাত্রদলের সদস্য উজ্জ্বলকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে বগুড়া ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। একটি পক্ষ রাতেই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।দলীয় একাধিক সূত্র ও পুলিশ জানায়, শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির খালেদা জিয়ার কারামুক্তির চতুর্থ বার্ষিকীর আলোচনা সভা সামসুজ্জোহা খানের সভাপতিত্বে শুরু হয়। সভা শুরুর কিছুক্ষণের মধ্যে প্রতিপক্ষের কতিপয় নেতা-কর্মী অতর্কিতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সভাপতির মাথায় আঘাত করেন। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা জানান, জেলা বিএনপির কমিটি গঠনে কিছু নেতা-কর্মী বাদ পড়ায় দীর্ঘদিন ধরে দলে বিরোধ চলে আসছিল। প্রায়ই দলের বিভিন্ন সভায় বাগিবতণ্ডা হতো। এরই জের ধরে এ ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। পুলিশ হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত বুধবার রাতেই শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির কর্মী শহিদুজ্জামান (৪২), শহিদুল ইসলাম (৪৩), রুবেল পারভেজ (৩০), মকছেদ আলী (২০), মোস্তফা কামালকে (২৭) আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির দলীয় কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি। এদিকে গতকাল দিনভর বিএনপির কোনো নেতা-কর্মীকে শহরে দেখা যায়নি। জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ ছিল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, তাঁদের কোন্দল নয়, আওয়ামী লীগের উসকানিতেই এ ঘটনা ঘটানো হয়েছে।