সভা থেকে অভিযোগ শুনে রান্নাঘরে সাংসদ
সিলেট নগরের টিলাগড় এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরে গতকাল শনিবার ছিল ‘যুব উন্নয়ন অধিদপ্তরের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভা। ১৫১তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে যুব উন্নয়নের ‘প্রশিক্ষিত যুবক ও যুব সংগঠনসমূহ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত (সিলেট ও হবিগঞ্জ) নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সভায় যুব উন্নয়নের কর্মকর্তারা অতীত নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন। বলছিলেন, অতীত কার্যক্রম ভালো বলেই বছর বছর প্রশিক্ষিত যুবসম্প্রদায় তৈরি হচ্ছে। কিন্তু যুব উন্নয়নের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অনেকে সাংসদ কেয়া চৌধুরীর কাছে নানা অভিযোগ করেন। পরে সভা শেষে সাংসদ কেয়া চৌধুরী রান্নাঘর পর্যন্ত ছুটে যান। তিনি সব অভিযোগের সত্যতা পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই আলোচনা সভা চলে। এতে সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমির আজম খানসহ যুব উন্নয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে দুজন তরুণী ও ৪৮ জন তরুণ প্রশিক্ষণার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন সাংসদ। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে একান্তে কথা বলতে গেলে তাঁরা জানান, কর্মকর্তাদের কাজে মন নেই। অনেকেই মাসের পর মাস থাকেন ঢাকায়, শুধু বেতন নিতে সিলেটে আসেন। মৎস্য প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু পুকুর আছে মাছ নেই। গরু প্রতিপালনের প্রশিক্ষণের জন্য আশপাশের খামারে যেতে হয় প্রশিক্ষণার্থীদের। মোরগের খামারে মোরগের সংখ্যা প্রতিদিনই কমে। প্রশিক্ষণার্থীরা সবচেয়ে বড় অভিযোগ করেন, তাঁদের খাওয়া-দাওয়া নিয়ে। সাংসদকে তাঁরা জানান, দৈনিক তিন বেলা খেতে মাত্র ৪০ টাকার খাবার দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের মুখে এসব অভিযোগ শুনে সাংসদ কেয়া চৌধুরী প্রথমেই ছুটে যান যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের প্রশিক্ষণ ভবনের রান্নাঘরে।
সাংসদ কেয়া চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার যুব সম্প্রদায়ের উন্নতির জন্য সম্ভব সব কিছুই করছে। এ রকম একটি অনুষ্ঠানে আমি যাচ্ছি, তাই শুরুর দিকে অন্য রকম আনন্দ ছিল। অনুষ্ঠান শেষে যখন এগুলো প্রত্যক্ষ করলাম, প্রচণ্ড মন খারাপ নিয়ে ফিরতে হয়েছে। আমি এ ব্যাপারে ব্যবস্থা নেব।’