সভা থেকে বের করে দেওয়া হলো ৮ চেয়ারম্যানকে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে কার্যবিবরণী বইতে সই না করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) আটজন চেয়ারম্যানকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিলের অর্থ বিভাজনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জরুরি সভা আহ্বান করেন।
উপজেলার গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম বলেন, সভায় উপস্থিত হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিনের নির্দেশে কার্যবিবরণী বইতে সভায় উপস্থিত সবার সই নেওয়া শুরু করেন। এ সময় ১১ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে আটজন কার্যবিবরণী বইতে সইয়ের আগে এডিপি ও রাজস্ব খাতের অর্থের বিভাজন নিয়ে বিধিমোতাবেক আলোচনা করার আহ্বান জানান। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘যাঁরা কার্যবিবরণী বইতে সই করবেন না, তাঁরা সভাস্থল থেকে বের হয়ে যান।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান বারবার এ কথা বলার পর এবং সভাস্থলে কয়েক শ বহিরাগত মহড়া দেওয়া শুরু করলে আটজন চেয়ারম্যান সভা ত্যাগ করে চলে যান।
গতকাল বিকেলে আটজন ইউপি চেয়ারম্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, উপজেলা পরিষদের প্রকল্প বাছাই কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান। ইউপি সদস্যরা কমিটির সদস্য। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকল্প বাছাই কমিটির কোনো সভা না করে ইউপি চেয়ারম্যানদের প্রস্তাবিত প্রকল্পগুলো গ্রহণ না করে ইচ্ছেমতো প্রকল্প গ্রহণ করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে দুই লাখ টাকার নিচের প্রকল্প জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ থাকলেও ছোট ছোট প্রকল্প একীভূত করে প্যাকেজ দরপত্র আহ্বান করেন তিনি। উপজেলা ভূমি উন্নয়ন করের শতকরা দুই ভাগ টাকা উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন ছাড়াই ইচ্ছেমতো ব্যয় করে থাকেন উপজেলা চেয়ারম্যান। এসব ঘটনায় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তারসহ আটজন ইউপি চেয়ারম্যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়সচিবের কাছে গত ১১ মে লিখিত অভিযোগ করেন। সচিবের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরের উপপরিচালক মো. কাজী তোফায়েল হোসেনের তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন। গতকাল সোমবার সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁর নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সভা ডেকে ইউপি চেয়ারম্যানদের কার্যবিবরণী বইতে সই নেওয়ার চেষ্টা করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেনি। ইউএনও এস এম ফরিদ উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যানদের বের করে দেওয়া হয়নি। উপজেলা চেয়ারম্যান বলেছেন সভায় উপস্থিত থাকবেন কিন্তু কার্যবিবরণীতে সই করবেন না—এটা হতে পারে না। সভায় উপস্থিত থাকলে সই করবেন।
১৮ মে প্রথম আলোয় ‘চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত শুরু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।