সভা থেকে বের হয়েই চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের প্রথম সভা থেকে বেরিয়েই গ্রেপ্তার হলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পরিষদ চত্বর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ সকাল সাড়ে নয়টায় চেয়ারম্যান আবদুল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা শুরু হয়। সকাল সাড়ে আটটা থেকে পরিষদ চত্বরে অতিরিক্ত পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সভা শেষে পরিষদ মিলনায়তন থেকে বের হলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, গত বছরের ১ মার্চ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের দোকানপাট ও যানবাহন ভাঙচুরের ঘটনায় আবদুল করিমের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। এ মামলায় পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এত দিন তিনি পলাতক ছিলেন।

কাল অর্ধদিবস হরতাল

এদিকে আবদুল করিমকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জামায়াত। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন।