সভা বর্জন করলেন মহিলা কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ সভায় জন্মনিবন্ধন সনদ ইস্যু করা নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এর জের ধরে এক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা রেহেনা কবির সভা বর্জন করেন।
গতকাল শনিবার সকালে করপোরেশনের মিলনায়তনে ৪১তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা জানান, সম্প্রতি
স্থানীয় সরকার মন্ত্রণালয় জন্মনিবন্ধন সনদ অনলাইনে ইস্যু করতে চিঠি দিয়েছে।
এতে সাধারণ ও সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড কাউন্সিলরদের যে কেউকে এই সনদ ইস্যু করার সুযোগ রাখা হয়েছে। দেশের অন্যান্য করপোরেশনে অনলাইনে জন্মনিবন্ধন সনদ ইস্যু করা শুরু হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনে এ কার্যক্রম শুরু হয়নি।
নগরের সরাইপাড়া, উত্তর পাঠানটুলী ও উত্তর আগ্রাবাদ ওয়ার্ড থেকে নির্বাচিত রেহেনা কবির অভিযোগ করে বলেন, ‘করপোরেশনের একটি পক্ষ জন্মনিবন্ধন সনদ ইস্যুর সুযোগ শুধু সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের হাতে রাখার পাঁয়তারা করছে। আমি এর প্রতিবাদ জানিয়ে সাধারণ সভা বর্জন করেছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ প্রথম আলোকে বলেন, জন্মনিবন্ধন সনদ ইস্যু নিয়ে গত শনিবারের সভায় আলোচনা হয়েছে। এ ব্যাপারে করপোরেশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।