সভা বয়কট করলেন কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৫তম সাধারণ সভা বয়কট করেছেন এর কাউন্সিলররা। গতকাল রোববার কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে সভা শুরুর আধা ঘণ্টার মধ্যে কাউন্সিলররা বেরিয়ে যান।
প্রতি ওয়ার্ডে ১০ জন করে ড্রেনশ্রমিক নিয়োগ, উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়া একজনের পদোন্নতি বাতিল এবং বিভিন্ন লাভজনক পদে পদায়ন করা ওয়ার্ডের সচিবদের পদায়ন বাতিলের দাবি জানিয়ে সভা বয়কট করেন তাঁরা।
কয়েকজন কাউন্সিলরের সূত্রে জানা যায়, বেলা ১১টায় সাধারণ সভা শুরুর প্রায় ২০ মিনিট পর কাউন্সিলররা সভাকক্ষে প্রবেশ করেন। এ সময় কেসিসির ৪১ জন কাউন্সিলরের মধ্যে ৩৪ জন উপস্থিত ছিলেন। এরপর কাউন্সিলরদের পক্ষে প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস মেয়রের কাছে ওই তিনটি দাবি উপস্থাপন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সাধারণ সভায় যোগ দেবেন না—এমন ঘোষণা দিয়ে সবাই একযোগে সেখান থেকে বের হয়ে যান। এদের বেশির ভাগই বিএনপি-সমর্থিত। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সভা মুলতবি ঘোষণা করেন মেয়র মনিরুজ্জামান মনি।
পরে কাউন্সিলরদের বিশ্রামকক্ষে ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শামসুজ্জামান মিয়া অভিযোগ করেন, মেয়র সরকারি কর্মকর্তাদের কথা অনুযায়ী চলেন। কাউন্সিলরদের তিনি পাত্তা দেন না।
২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবরের মতে, মেয়র-কাউন্সিলরদের মধ্যে সমন্বয়হীনতার কারণে উন্নয়নকাজে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দুর্নীতি ও অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
এ বিষয়ে মেয়র মনিরুজ্জামান জানান, কাউন্সিলররা যে তিনটি প্রস্তাব দিয়েছেন, সেগুলো নিয়ে আজ সোমবার সকালে আলোচনা হবে। তিনি আরও জানান, ২০০৯ সালে সিটি করপোরেশনের আইন সংশোধনের পর নিয়োগ দেওয়ার সুযোগ কিছুটা কঠিন হয়েছে। তার পরও ড্রেনশ্রমিক নিয়োগের প্রক্রিয়া তিনি শুরু করেছেন। কিন্তু তাঁর অসুস্থতার কারণে নিয়োগ-প্রক্রিয়ার গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে।