সভা মিছিলে নির্বাচনী মাঠে মেনন, আজ প্রচারণায় নামবেন আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে নেমেছেন ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল সোমবার প্রতীক পেয়েই বায়তুল মোকাররম এলাকায় গণসংযোগ করেন তিনি।

অন্যদিকে প্রতীক বরাদ্দের পর গতকাল বিকেলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তাঁর শাহজাহানপুরের বাসায় দোয়া ও মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। আব্বাসের ঘনিষ্ঠজনেরা বলছেন, আজ মঙ্গলবার থেকে তাঁরা নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করবেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতীক বরাদ্দের পরই বায়তুল মোকাররম এলাকায় গণসংযোগ করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নৌকা মার্কায় ভোট চান। এরপর মতিঝিল, শাহজাহানপুর, শাহবাগ, রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়।

সভায় অংশ নিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের মহান বিজয়ের এই মাসে নিয়াজির মতোই বিএনপিও আত্মসমর্পণ করবে। নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের বাগাড়ম্বরও শেষ হবে। যারা বিজয়ের মাসে জামায়াতের দাঁড়িপাল্লায় ধানের শীষ তুলে দেয়, তারা স্বাধীনতা বিরোধিতার দায়ে দুষ্ট। এ কারণেই তাদের নেতা তারেক রহমান এই বিজয়ের মাসে আইএসআইয়ের সঙ্গে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বৈঠক করেন। একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনোই পাকিস্তানের হাইকমিশনে গিয়ে ষড়যন্ত্র করতে পারে না। সুতরাং এই বিজয়ের মাসেই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে পরাজিত করতে হবে।’

মতবিনিময় সভার পর বিকেলে আওয়ামী মহিলা লীগ আয়োজিত একটি মিছিলে অংশ নেন রাশেদ খান মেনন। মিছিলটি পুরোনো রমনা থানার সামনে থেকে বেইলি রোড প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর ঢাকা-৮ আসনের কেন্দ্রীয় নির্বাচনী অফিস শান্তিনগরে গিয়ে অপেক্ষমাণ নেতা-কর্মীদের সঙ্গে সময় কাটান মহাজোটের প্রার্থী মেনন।  

এদিকে মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসও দোয়া ও মিলাদের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। গতকাল দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ধানের শীষ প্রতীক পাওয়ার পর বিকেল সাড়ে চারটায় মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় এই মিলাদ অনুষ্ঠিত হয়।

তাঁদের এই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আবদুস সোবহান ইসলামিয়া মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী, দলীয় নেতা-কর্মী ও এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন। আজ থেকে এই দুই প্রার্থী তাঁদের নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করবেন বলে জানা গেছে।

দোয়া ও মিলাদে মির্জা আব্বাস বলেন, ‘আমাকে আটকানোর জন্যই ঢাকা-৬ আসনকে ভাগ করে ঢাকা-৮ ও ঢাকা-৯ করা হয়েছে। আসন ভাগ করলেও আমাকে এবং আমার ভোটারদের ভাগ করা যাবে না। আমাদের বন্ধন অটুট।’ তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর একে অপরকে সঙ্গে নিয়ে ভোট দিতে না গেলে সমস্যা হবে। আপনাদের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার আবারও লুট হয়ে যাবে।’ তাই সবাইকে ভয় ও বাধা অতিক্রম করে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি।