সভা-সমাবেশে বাধা দিলে হরতাল ডাকা হবে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা ও সমাবেশ করতে সরকার বাধা দিলে হরতাল দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। গতকাল মঙ্গলবার রাতে গুলশানে তাঁর কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর ইউএনবির। খালেদা জিয়া বলেন, ‘সংসদে আমরা কোনো কথা বলতে পারি না। মানববন্ধন ও মিছিলসহ সরকার আমাদের বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। এটা যদি চলতে থাকে হরতাল ডাকা ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।’ বিরোধীদলীয় নেত্রী অভিযোগ করেন, ক্ষমতাসীন দল রাজনৈতিক বিরোধীদের ওপর হামলার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহার করেছে। এটা কোনো গণতান্ত্রিক সরকার নয়। এই সরকারের আমলে জনগণ শান্তিতে নেই। অনুষ্ঠানে অঙ্গীকার শীর্ষক একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন খালেদা জিয়া। গত ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আজম নীরব উপস্থিত ছিলেন।