সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞায় নিন্দা, প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল।
গতকাল রোববার সভা ও বিবৃতিতে নিন্দা-প্রতিবাদ জানানোর পাশাপাশি এই নিষেধাজ্ঞা বাতিলের দাবিও জানানো হয়।
বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানানো হয়। দলের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়।
এদিকে অবিলম্বে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে জাতীয় গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ। বিবৃতিতে বলা হয় দেশে গণতন্ত্র নয়, পুলিশি শাসন কায়েম রেখেছে সরকার।
গণসংহতি আন্দোলন এক বিবৃতিতে নিষেধাজ্ঞাকে অগণতান্ত্রিক ও সংবিধানপরিপন্থী বলে আখ্যায়িত করেছে।
নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বাংলাদেশের সাম্যবাদী দল (মার্ক্সবাদী-লেনিনবাদী) বলেছে, এভাবে বাকশালী কায়দায় আবারও গণতন্ত্রকামী মানুষের শ্বাসরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।