সভা হয় না নিয়মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত পাঁচ বছরে (২০০৯ থেকে ২০১৩) ব্যবস্থাপনা কমিটির একটি সভাও হয়নি। এ ছাড়া বিরামপুরে একটি, ঘোড়াঘাটে দুটি এবং হকিমপুরে মাত্র তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ৭ জুন পর্যন্ত একটি সভাও হয়নি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ২০০৭ সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রতি মাসে ন্যূনতম একটি সভা করার নিয়ম রয়েছে।
প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্যসচিব করে ২১ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ব্যস্ততার কারণে সাংসদ সময় দিতে না পারায় নিয়মিত সভা করা সম্ভব হয় না। বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিতোষ দাশ গুপ্ত বলেন, ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত অনুষ্ঠিত হলে হাসপাতালের সমস্যগুলো দ্রুত সমাধান হতো। কাজের জবাবদিহিও প্রতিষ্ঠিত হতো।
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, ‘আমি সাংসদ হওয়ার পর ব্যবস্থাপনা কমিটির বিষয়ে আমার সঙ্গে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করেনি। সভার বিষয়ে আমাকে জানানো হয়নি। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে হাসপাতালের সমস্যাগুলো জেনে সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি।’
সাবেক সাংসদ আজিজুল হক চৌধুরী বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ সভা করতে আগ্রহী হয় না। হাসপাতালগুলোতে কোন খাতে কত বরাদ্দ আসে, তাও জানানো হয় না। আমার নিজের ইচ্ছায় বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট হাসপাতালে কয়েকটি সভা করেছি। সভার মাধ্যমে হাসপাতালগুলোর অনিয়ম ও দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিয়েছি।’
তথ্য অধিকার আইনে আবেদন করার পর নবাবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল বারী লিখিতভাবে জনিয়েছেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরে এ চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল এবং চিকিৎসাযন্ত্রের তীব্র সংকট রয়েছে। নবাবগঞ্জ ও ঘোড়াঘাট হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নবাবগঞ্জ হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, হাকিমপুর হাসপাতালে জলাবদ্ধতা, অ্যাম্বুলেন্স-সংকটসহ নানা সমস্যায় চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে।