সভাপতি অসুস্থ, সম্পাদক দায়িত্ব পালনে অপারগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

যশোরে যুব রাজনীতিতে ভাটার টান
রাজনীতির মাঠে যুবকদের ভূমিকা অগ্রগণ্য। তবে যশোরে প্রধান দুই রাজনৈতিক দলেরই যুব সংগঠনে এখন স্থবিরতা বিরাজ করছে। দীর্ঘদিনেও সম্মেলন না হওয়ায় জেলা যুবলীগের অধিকাংশ সদস্যই এখন নিষ্ক্রিয়। ওদিকে ১৩ বছর ধরে সম্মেলন নেই জেলা যুবদলেরও। কমিটির দু-একজন ছাড়া এখন সবাই নিষ্ক্রিয়। বিস্তারিত জানিয়েছেন আমাদের যশোর অফিসের মনিরুল ইসলাম

১৩ বছর ধরে সম্মেলন নেই। সভাপতি দীর্ঘদিন ধরে অসুস্থ। সাধারণ সম্পাদক দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন। কমিটির দু-একজন ছাড়া কেউই সক্রিয় নেই। এ অবস্থায় যশোর যুবদলের রাজনীতিতে এখন ভাটার টান চলছে।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর যশোর জেলা যুবদলের দুই বছর মেয়াদি কমিটির অনুমোদন দেওয়া হয়। ১০১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আহসানুল হক মুন্নাকে সভাপতি ও মুনীর আহমেদ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি আহসানুল সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে আট বছর ধরে অসুস্থ। তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। তিনি ঠিকমতো চলাচল ও কথা বলতে পারেন না। সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বছর পাঁচেক আগে যশোর শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মুনীর আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পর যুবদলের দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে জেলা বিএনপির নেতাদের কাছে চিঠি দিয়েছি। কিন্তু নেতারা নতুন সম্মেলনের ব্যাপারে তেমন ভূমিকা রাখেননি।’

ওই সময় জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ অনানুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। কিন্তু অদৃশ্য কারণে তাঁকে আজ পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি।

তমাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এই সময়ের মধ্যে অন্তত তিনটি সম্মেলনের মাধ্যমে তিনটি কমিটি হওয়ার কথা ছিল। কিন্তু অজানা কারণে সেটি হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী, যুবদল পুরোপুরি বিএনপি নিয়ন্ত্রিত। এ কারণে সম্মেলনের জন্য অসংখ্যবার জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নেতাদের বলেছি। কিন্তু বিষয়টি তাঁরা আমলে নেননি।’

জেলা যুবদলের ওই কমিটির তিন নেতা ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০১৬ সালে কমিটির সহসভাপতি ফেরদৌস হোসেন এবং ২০১৪ সালে সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ও নির্বাহী সদস্য আনোয়ার হোসেন নিহত হন। সহসাধারণ সম্পাদক সালাউদ্দীন মুকুল হৃদ্‌রোগে মারা গেছেন। কমিটির দুজন বিদেশে বাস করছেন। বাকিদের মধ্যে বেশির ভাগই এখন বিএনপির রাজনীতিতে যুক্ত।

যুবদলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির কেন্দ্রীয় এক শীর্ষ নেতার পছন্দ-অপছন্দের ওপর নির্ভর করে যশোর যুবদলের রাজনীতি। যুবদলের নেতৃত্বে আসার মতো যাঁরা আছেন, তাঁদের মধ্যে ওই নেতার পছন্দের তেমন কেউ নেই। এ কারণে সম্মেলন হচ্ছে না।

জানতে চাইলে যুবদলের সভাপতি আহসানুল হক বলেন, ‘আমি অসুস্থ। আমি কিছুই জানি না।’ এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি আর ধরেননি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনের জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির অনুমতি লাগে। আমরা কেন্দ্রীয় কমিটিকে বলেছি। জেলা যুবদলের নেতারাও বলেছেন। কিন্তু সম্মেলনের ব্যাপারে তেমন কোনো অগ্রগতির খবর আমার কাছে নেই।’