সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক আবদুর রশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মুক্তিযুদ্ধের সপক্ষের আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতটি পদে, মুক্তিযুদ্ধের সপক্ষের দুর্নীতিবিরোধী প্রগতিশীল সংগঠন সমমনা দুটি পদে এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা নয়টি পদে জয়ী হয়েছেন।
গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনটি জোট থেকে ৫৪ জন প্রার্থী ১৮টি পদে ভোটযুদ্ধে নামেন। ওই দিন রাত ১২টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। দুই হাজার ৫৬১ ভোটারের মধ্যে দুই হাজার ৩৯৯ জন ভোটার ভোট দেন।
জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে এক হাজার ১৬ ভোট পেয়ে সমন্বয়ের আনোয়ারুল ইসলাম চৌধুরী সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আবদুর রশিদ ৯৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। জ্যেষ্ঠ সহসভাপতি পদে সমন্বয়ের সুধীর চন্দ্র তালুকদার এবং সহসভাপতি পদে সুরত জামাল জয়ী হন। সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসাইন চৌধুরী এবং অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আবছার উর রশীদ নির্বাচিত হন। গ্রন্থাগার সম্পাদক পদে সমন্বয়ের টিপু সুলতান খান জয়ী হন। সাংস্কৃতিক সম্পাদক পদে সমমনার এহতেশাম পারভেজ সিদ্দিকী ওরফে জুয়েল বিজয়ী হন।
নির্বাহী সদস্যের ১০টি পদের জন্য ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জয়ী হন ঐক্য পরিষদের ফাতেমা আক্তার চৌধুরী, নুরুল করিম, রায়হান সালেহীন, আরেফীন রিজভী, রহিম উদ্দিন চৌধুরী, মুরশিদ আলম ও শহিদুল ইসলাম ওরফে সুমন। সমমনা থেকে আবু সুফিয়ান এবং সমন্বয় থেকে সুবিতা রানী ভৌমিক ও মানস দাশ।