চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় দলীয় নেতা-কর্মীরাও অস্বস্তিতে পড়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। দুজনই অকপটে দ্বন্দ্বের কথা স্বীকার করলেও নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক চমৎকার বলে দাবি করেন।
১৯ এপ্রিল উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দলীয় কার্যালয় নাসিমন ভবনে এবং সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় আলাদা সভার আয়োজন করেন। এর মাধ্যমে দুজনের দ্বন্দ্বের চিত্রটি সামনে চলে আসে। নির্বাহী কমিটির নেতারাও বিভক্ত হয়ে পড়েন।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের সূত্রপাত। কারণ উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন আসলাম চৌধুরী। জেলা কমিটির আহ্বায়ক হওয়ার মতো তার সেই যোগ্যতা নেই বলে আসলাম চৌধুরীর দাবি।
উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘সভাপতি গিয়াসউদ্দিন কাদের এবং আমি নিজেই উচ্চ শিক্ষিত। উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক যাকে বানানো হয়েছে সে কি ডিগ্রিধারী? আসলে সেখান থেকে ওনার (গিয়াসউদ্দিন কাদের চৌধুরী) সঙ্গে নেতা-কর্মীদের বিরোধ সৃষ্টি হয়।’
আসলাম চৌধুরী আরও বলেন, ‘গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মিরসরাই উপজেলা কমিটি একক সিদ্ধান্তে ভাঙলেন। পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ভাঙার কথা আবার অস্বীকার করলেন। ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিনকে বহিষ্কার করলেন। অথচ সালাহউদ্দিন একজন ত্যাগী নেতা। এসব কারণে তাঁর সঙ্গে নেতা-কর্মীদের দূরত্ব বাড়তে থাকে। তবে আমার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক চমৎকার।’
১৯ এপ্রিল আলাদা সভা ডাকা নিয়ে প্রশ্ন তোলেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির নির্দেশনা ছাড়া কেউ সভা ডাকতে পারে না। আসলাম চৌধুরী সেদিন যে সভা করেছেন সেটা গঠনতন্ত্রবিরোধী। দলের ভেতর বিভাজন সৃষ্টির লক্ষ্যে একটি কুচক্রী মহল পাঁয়তারা করছে।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, ‘আসলাম চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। সেদিন আলাদাভাবে সভা করলেও তিনি রাতে আমার সঙ্গে দেখা করেছেন।’
গিয়াসউদ্দিন কাদেরের অনুসারী হিসেবে পরিচিত উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘আসলাম চৌধুরী ১৮ এপ্রিল নির্বাহী কমিটির ১০৫ জন সদস্য নিয়ে যে সভা করেছেন বলে দাবি করেছেন তা ডাহা মিথ্যা। জ্যেষ্ঠ নেতাদের সংবর্ধনার আয়োজন করতে নাকি এই সভা ডাকা হয়। কিন্তু আমরা তো ওই নেতাদের মুসলিম হলে সংবর্ধনা দিয়েছি। তাহলে আবার কিসের সংবর্ধনা?’
আসলাম চৌধুরী বলেন, ‘আমরা তো নির্বাহী কমিটির সভা ডাকিনি। জ্যেষ্ঠ নেতাদের সংবর্ধনা দেওয়া নিয়ে আলোচনা হয়। ওই আলোচনা সভায় নির্বাহী কমিটির ১০৫ জন ছিলেন।’
উত্তর জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তৃণমূলের নেতা-কর্মীরা ভালো চোখে দেখছে না। এতে আমি নিজেও ব্যক্তিগতভাকে অস্বস্তিতে আছি।’