মহাজোট সরকার ক্ষমতায় আসার পর খুলনা মহানগর আওয়ামী লীগ চলছে সভাপতি ও সাধারণ সম্পাদকের ইচ্ছা-অনিচ্ছার ওপর। নগর কমিটির নেতাদের মতামতের তোয়াক্কা না করে ওই দুই নেতা দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছেন। দলের সব সুযোগ-সুবিধা নিচ্ছেন এ দুই নেতা ও তাঁদের আজ্ঞাবহ কিছু সমর্থক। এমনকি তাঁরা টেন্ডারবাজিতে জড়িয়ে আর্থিক সুবিধা ভোগ করছেন। এসব অভিযোগ দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সাত বছরেও কাউন্সিল হয়নি। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে নগর আওয়ামী লীগ। কাউন্সিল হওয়ার পর শুধু কমিটির সভাপতি হিসেবে তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়। এরপর বলা হয়, যত দ্রুত সম্ভব সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ছয় মাস পর ৭১ সদস্যবিশিষ্ট নগর কমিটি গঠিত হয়। নতুন কমিটি গঠিত হওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদক প্রথম দিকে কমিটির নেতাদের মতামত নিলেও পরবর্তী সময়ে তাঁদের উপেক্ষা করতে থাকেন। তালুকদার আবদুল খালেক একাধারে খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং নগর কমিটির সভাপতি। অভিযোগ আছে, তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করেন। এ কারণে দলের অনেক নেতা-কর্মী তাঁর ওপর ক্ষুব্ধ।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, নগর কমিটির নিয়মিত নির্বাহী সভা অনুষ্ঠিত হলেও সভাপতি নগর কমিটির নেতাদের মতামতের তোয়াক্কা করেন না। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। খুলনা মহানগরের পাঁচ থানার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার কমিটির অনুমোদন দেওয়া হলেও সদর থানা ও সোনাডাঙ্গা থানা কমিটির এখনো অনুমোদন হয়নি। নগর কমিটি থাকা সত্ত্বেও খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা কমিটি সম্পূর্ণভাবে পরিচালিত হয় খুলনা-৩ আসনের সাংসদ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ইচ্ছানুযায়ী। এ ছাড়া নগরের ওয়ার্ড শাখার কাউন্সিল করার কার্যক্রমে ভাটা পড়েছে। এসব অভিযোগ সম্পর্কে নগর কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পছন্দ-অপছন্দের কাউকে সুযোগ-সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। দলের নেতা-কর্মীদের মতামত নিয়ে সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। টেন্ডারবাজিতে নগর কমিটির কোনো শীর্ষ নেতা জড়িত নেই। তবে দলের কেউ কেউ ব্যক্তি উদ্যোগে এ জাতীয় কর্মকাণ্ডে জড়িত হতে পারে। নগরের তিনটি থানা কমিটির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।নেতা-কর্মীদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগ সঠিক নয় দাবি করে নগর কমিটির সভাপতি ও মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘যারা দলের নীতি-আদর্শের পরিপন্থী কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে আমি সব সময় সোচ্চার থাকব। নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই দলের সব কার্যক্রম চলছে। এ ব্যাপারে এখানে স্বৈরাচারী হওয়ার প্রশ্নই ওঠে না।’ তিনি আরও বলেন, ‘খুব শিগগির ওয়ার্ড কাউন্সিলগুলো শেষ করে নগর কমিটির কাউন্সিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের কেউ টেন্ডারবাজির সঙ্গে কোনোভাবেই জড়িত নেই। টেন্ডারে যাতে কোনোভাবে জোর-জুলুম না হয়, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। নগরের সব কমিটি মহানগর কমিটির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তবে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা কমিটি যেহেতু সাংসদ ও শ্রম প্রতিমন্ত্রীর আসন এলাকা, সে জন্য ওই সব কমিটির বিষয়ে তাঁর মতামত নেওয়া হয়।’