সভাপতি ছাড়া শিক্ষক সমিতির বিবৃতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনের দিন ছাত্র-শিক্ষক হাতাহাতির ঘটনায় বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতি। সভাপতির স্বাক্ষর ছাড়াই পাঠানো এই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নেতৃত্বের প্রশংসা করে ওই ঘটনার নিন্দা জানানো হয়।
মঙ্গলবার পাঠানো ওই বিবৃতিতে সই করেছেন শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ। সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বর্তমান উপাচার্যের বিরোধী হিসেবে পরিচিত।
বিবৃতিতে বলা হয়, ‘গত আট বছর ধরে বর্তমান প্রশাসনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সুন্দরভাবে পরিচালিত হয়েছে তা বিনষ্ট করাই এ ধরনের ঘটনার উদ্দেশ্য। আমরা সংশ্লিষ্ট সব মহলকে দায়িত্বশীল এবং সবার প্রতি সংবেদনশীল হতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
গত শনিবার সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে কিছু শিক্ষার্থী সিনেট ভবনের সামনে মানববন্ধন করতে গেলে এক দল শিক্ষক-কর্মকর্তার বাধার মুখে পড়েন। সিনেট ভবনের বন্ধ ফটক ভেঙে ভেতরে ঢুকলে ওই শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতি হয়।
মঙ্গলবার বিবৃতিতে এ ঘটনাকে ‘গণতান্ত্রিক দাবির নামে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা’ বলে উল্লেখ করা হয়। বলা হয়, ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে বিভিন্ন মহলের নানা ব্যাখ্যা ও কৌতুহল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টির অপপ্রয়াস মাত্র।
এ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমিতির জরুরি সভা করার সময় উল্লেখ করে অনুমতি চান। সাধারণত, সভাপতির অনুমতিতে সভার সময় নির্ধারণ করতে হয়। কিন্তু আমার ব্যক্তিগত কাজ থাকায় সাধারণ সম্পাদকের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকতে পারব না বলে জানাই। তখন তিনি বলেন, সভায় যে সিদ্ধান্ত হবে আমাকে জানাবেন। কিন্তু এই বিবৃতি সম্পর্কে আমি কিছু জানি না।’
এদিকে ডাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।