বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ‘না’ করে দেওয়ায় এক ছাত্রীকে সপ্তম শ্রেণিতে ভর্তি করাতে রাজি হচ্ছেন না শিক্ষকেরা। অথচ ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ওই ছাত্রী সপ্তম স্থান অধিকার করে। ভর্তি হতে না পারায় ওই ছাত্রী নতুন বইও পায়নি। অথচ এর মধ্যে শিক্ষাবর্ষের এক মাস পার হয়ে গেছে। নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ওই ছাত্রীর বাবা মো. ফখর উদ্দিন এ ঘটনার প্রতিকার চেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি নিজেও ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য। অভিযোগ উঠেছে, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন মাহমুদের সঙ্গে ব্যক্তিগত বিরোধের কারণে ফখর উদ্দিনের মেয়েকে সপ্তম শ্রেণিতে ভর্তি করানো হচ্ছে না।
ফখর উদ্দিন প্রথম আলোকে বলেন, মেয়ের ভর্তির বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন তিনি। ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যদের মাধ্যমে প্রধান শিক্ষকসহ আরও কয়েকজন শিক্ষককে অনুরোধ করেছেন। কিন্তু প্রধান শিক্ষক তাঁকে বলেছেন, তাঁর মেয়েকে ভর্তি না করাতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন মাহমুদের নির্দেশ রয়েছে।
ছাত্রীর বাবা বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই। বিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে হয়তো তাঁর সঙ্গে মতের অমিল থাকতে পারে। কিন্তু এ কারণে তাঁর মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করানো হবে না, এটা কেমন আচরণ!
প্রধান শিক্ষক হেদায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁর কিছু করার নেই। তিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতির নির্দেশ পালন করছেন।
অভিযোগের বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন মাহমুদের বক্তব্য জানতে গতকাল বুধবার বেশ কয়েকবার মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি। অবশ্য তাঁর হয়ে কয়েকজন বিষয়টি নিয়ে প্রতিবেদন না করতে এই প্রতিবেদককে ফোন করে অনুরোধ করেন।
জয়নগর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাস করার পর এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে একজন শিক্ষার্থী ভর্তি হবে, এটি স্বাভাবিক বিষয়। ভর্তি না করানোর কোনো যুক্তি নেই। শিক্ষাপ্রতিষ্ঠান চলে সরকারি নিয়মে। এখানে ব্যক্তির ইচ্ছায় কিছু করার সুযোগ নেই। ওই ছাত্রীর বিষয়টি তাঁর জানা নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম প্রথম আলোকে বলেন, জয়নগর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর বাবা তাঁর কাছে এসে অভিযোগ করেছেন। পরে তিনি প্রধান শিক্ষককে বলেছেন ওই ছাত্রীকে বিদ্যালয়ে ভর্তি করাতে। একই অভিযোগ ছাত্রীর বাবা জেলা শিক্ষা কর্মকর্তার কাছেও করেছেন। এখন এ বিষয়ে তিনিই (জেলা শিক্ষা কর্মকর্তা) সিদ্ধান্ত নেবেন।
জানতে চাইলে নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, মেয়েকে ভর্তি না করানোর বিষয়ে এক ছাত্রীর বাবার অভিযোগ তিনি পেয়েছেন। তবে লিখিত অভিযোগটি পড়ে দেখেননি। পরে এ বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি।