সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব, আট দিন ধরে ক্লাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি হওয়া নিয়ে দ্বন্দ্বের কারণে মাগুরা সদর উপজেলার ধলহরা পশ্চিমপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আট দিন ধরে ক্লাস কার্যত বন্ধ রয়েছে। শিক্ষার্থী উপস্থিতি তেমন না থাকায় দু-একটি ক্লাস নিয়ে ছুটি দেওয়া হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম বলেন, ‘সমস্যাটির কথা আমি জানি। বর্তমান সভাপতি আবারও থাকতে চান। কিন্তু অভিভাবক ও কমিটির সদস্যরা তা চাইছেন না। নতুন কমিটি হলে সব ঠিক হয়ে যাবে। ক্লাস বন্ধ থাকার কথা না। আমি খোঁজ নেব।’
সরেজমিন গতকাল সোমবার দেখা যায়, প্রতি ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি চার-পাঁচজন করে। শিক্ষক ও কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের দুই বছর মেয়াদি ব্যবস্থাপনা পর্ষদের মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে পর্ষদের সদস্য, অভিভাবক, বিদ্যোৎসাহী ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গত ২৩ এপ্রিল বিদ্যালয়ে সভা হয়। সেখানে বর্তমান সভাপতি দাউদ বিশ্বাস দ্বিতীয় মেয়াদে তাঁকে সভাপতি করার জন্য চাপ দেন। কিন্তু ১১ সদস্যের পর্ষদের সদস্য, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা তাতে রাজি হননি। তাঁরা সরাসরি নির্বাচনের মাধ্যমে সভাপতি মনোনয়নের ব্যাপারে মত দেন। পাশাপাশি বিদ্যালয়ের দুটি নিয়োগে সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়। এ সময় সভাপতি ও তাঁর সমর্থকেরা জাহাঙ্গীর হোসেন নামের এক অভিভাবককে লাঞ্ছিত করলে সভা পণ্ড হয়ে যায়। তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধিতাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ের কাছে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় সভাপতি দাউদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। দুদিন পর তিনি জামিনে মুক্ত হয়ে ফিরে এলে এলাকায় নতুন করে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। ওই ঘটনার পর অধিকাংশ অভিভাবক ভয়ে তাঁদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেন।
প্রধান শিক্ষক শামছুজ্জামান সেলিম বলেন, ‘ক্লাস বন্ধ না। প্রতি ক্লাসে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী। কিন্তু উপস্থিত হচ্ছে পাঁচ-ছয়জন। তাই দু-একটা ক্লাস নিয়ে ছুটি দিয়ে দিচ্ছি। কখন কী হয়ে যায় বোঝা মুশকিল।’