দীর্ঘ সাত বছর পর খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সম্মেলনের মাধ্যমে দলের আগামী দিনের নেতা বাছাই করা হবে। এতে সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রার্থীরা কাউন্সিলরদের দুয়ারে দুয়ারে গিয়ে সমর্থন প্রার্থনা করেছেন। সেই সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ লাভেরও জোর চেষ্টা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় একটি পক্ষ ছাত্রলীগের নেতৃত্ব পেতে হঠাৎ তৎপর হয়ে উঠেছে।মহানগর ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সম্মেলনে উদ্বোধক হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহামুদ হাসান ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী উপস্থিত থাকবেন। প্রধান অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান।ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র সম্পাদক বদিউজ্জামান জানান, গঠনতন্ত্র অনুযায়ী ২৯ বছরের কম বয়সী অবিবাহিত এবং নিয়মিত শিক্ষার্থীরা কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা এসব নিয়ম মেনেই প্রার্থী হয়েছেন।