সভাপতি-প্রধান শিক্ষকের দ্বন্দ্ব স্কুলে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পাল্টপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন এ ব্যবস্থা নেয়।নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া আক্তার রুমী জানান, বিদ্যালয় মাঠে একই সময় দুই পক্ষ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সোমবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা বলবৎ থাকবে।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেক মিঠু চৌধুরী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এজাহারুল হক সমর্থকদের দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। দুই পক্ষের মধ্যে এর আগেও একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে মামলা-মোকদ্দমাও আছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি নিয়ে অভিভাবকদের সঙ্গে পরামর্শক সভা আহ্বান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এজাহারুল হক। অভিভাবককের চিঠি দিয়ে এবং মাইকিং করে বিষয়টি জানানো হয়। একই সময় মিঠু চৌধুরীর পক্ষে সাইদুর রহমান বাদল সভা আহ্বান করে বিদ্যালয় মাঠে। এ নিয়ে উত্তেজনা ছাড়ালে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।