সভাপতি বললেন, আমার রাজ্যে আমি-ই রাজা
জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চাকরি ও জীবনের নিরাপত্তা চেয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষক ৯ জানুয়ারি ক্ষেতলাল থানায় জিডি করেন।কলেজ ও ক্ষেতলাল থানা সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির জীববিজ্ঞানের প্রভাষক নূর-ই-আহম্মেদ ও সহকারী শিক্ষক সোহরাব হোসেন চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। পরিচালনা কমিটির সভাপতি নবীউল ইসলাম ওই দুই শিক্ষকের কলেজে যথাসময়ে আসা-যাওয়া না করার কারণ দেখিয়ে তাঁদের বেতন-ভাতা নিজ ক্ষমতাবলে বন্ধ রেখেছেন।ভুক্তভোগী শিক্ষকেরা অভিযোগ করেন, কথিত অভিযোগে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে তাঁদের বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে তাঁরা ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞার কাছে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান বিষয়টি তদন্ত করে বেতন-ভাতা দেওয়ার জন্য সুপারিশও করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে এ ঘটনার প্রতিবাদ জানালে ৯ জানুয়ারি ৮ থেকে ১০ জন লোক নিয়ে ওই সভাপতি কলেজ চত্বরে এসে তাঁদের হুমকি দেন।শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, ‘ওই দুই শিক্ষক নিয়মিত কলেজে আসেন। তাই তাঁদের বিল দেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই।’নবীউল ইসলাম বলেন, ‘আমি আমার ক্ষমতাবলেই বেতন বন্ধ করে দিয়েছি। তারা মামলা করে বেতন-ভাতা চালু করুক। আমার রাজ্যে আমি-ই একমাত্র রাজা।’ তদন্ত কমিটির সুপারিশ সম্পর্কে জানতে চাইলে সভাপতি দম্ভ করে পুলিশের সামনে বলেন, ‘আমি কোনো কর্তৃপক্ষের আজ্ঞাবহ দাস নই। এখানে আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কলেজ চত্বরে বখাটে ছেলেদের আমি নিয়ে যাইনি। বরং তারা দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা করছিল। এ জন্য আমি কলেজে গিয়েছিলাম।’