সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মনিরুল ইসলাম (বাঁয়ে), মো. আসাদুজ্জামান (ডানে)।
ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি-মতিঝিল) উপকমিশনার মো. আসাদুজ্জামান।

অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা শেষে আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ অ্যাসোসিয়েশনের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশনের মোট সদস্য হবেন ১২১ জন। বাকি ১১৯ সদস্যকে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেবেন।

পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সভায় করোনায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের জন্য শোক প্রস্তাব গ্রহণ এবং তাঁদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকার বাইরের সব ইউনিটের প্রধানেরা ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। মুজিব বর্ষে দাঁড়িয়ে সুবর্ণজয়ন্তী পালন হয়েছে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এ ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের ভূমিকা কী হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি পুলিশের পোশাককে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।