সভাপতি-শিক্ষক দ্বন্দ্ব, পাঠদান বন্ধ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি রওশন আলী ও প্রধান শিক্ষক মুনছুর আলীর দ্বন্দ্বে ১০ দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান স্থানীয় রহিমানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আলী। মুনছুর আলী নিজে প্রধান শিক্ষক হওয়ায় অন্য স্কুলের সহকারী শিক্ষককে সভাপতি হিসেবে মেনে নিতে পারছিলেন না। তিনি পরিচালনা কমিটির দুজন সদস্যের স্বাক্ষর জাল করে রাজশাহী শিক্ষা বোর্ডে সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনে নতুন সভাপতি করার প্রক্রিয়া শুরু করেন। ৪ জুলাই এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী প্রধান শিক্ষক মুনছুর আলীর অপসারণের দাবিতে অন্য শিক্ষকদেরও ক্লাসে ঢুকতে দেননি।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠকে এক দিনের মধ্যে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরদিন বৈঠক ডাকলেও প্রধান শিক্ষক মুনছুর আলী উপস্থিত না হওয়ায় সমস্যার সমাধান হয়নি।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষক তাঁর কক্ষে বসে আছেন। পাশের কক্ষে একমাত্র পিয়ন ঘোরাফেরা করছেন। আর মাত্র পাঁচজন ছাত্রী বইখাতা নিয়ে ক্লাস করতে এসেছে। এরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এ সময় আঞ্জিদা ও রাশিদা বলে, ক্লাস করতে এলেও এ পর্যন্ত কোনো ক্লাস হয়নি।সভাপতি রওশন আলী বলেন, ‘দুর্নীতি মেনে না নেওয়ায় প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে দুজন সদস্যের স্বাক্ষর জাল করে বোর্ডে পাঠিয়েছেন।’প্রধান শিক্ষক মুনছুর আলী বলেন, ‘২০০৩ সালে আমিরুল ইসলাম নামের একজন সহকারী শিক্ষক ইনডেক্সভুক্ত হওয়ার আগেই চাকরি ছেড়ে চলে যান। দীর্ঘদিন পর রওশন আলী সভাপতি হয়ে এসে ওই শিক্ষককে আবার চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। তিনি এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার ওপর চাপ প্রয়োগ করছেন। এ ঘটনা মেনে না নেওয়ায় তাঁরা আমাকেসহ অন্য শিক্ষকদের সোমবার অফিসেই ঢুকতে দেননি।’জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম মোল্লা জানান, তিনি দ্রুত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।