সভাপতি-সম্পাদক দিয়েই দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েই প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে রংপুর জেলা ছাত্রলীগের কমিটি। এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, দীর্ঘ আট বছর পর গত বছর ৮ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে নতুন কমিটি ঘোষণা হওয়ার কথা থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। এক মাস পর কেন্দ্রীয় কমিটি থেকে ধনজিৎ ঘোষ ওরফে তাপসকে সভাপতি ও ফখরুল হাসান ওরফে লিউকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কমিটির কার্যক্রম চলে আসছে। এদিকে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেকেই প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এ ব্যাপারে সরসারি কেউ কিছু বলতে চান না। নাম প্রকাশে অনীহা জানিয়ে তাঁরা ক্ষোভের কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রনেতা বলেন, দলের মধ্যে গণতন্ত্র না থাকলেই এমন অবস্থা হয়। যে যার মতো কাজ করেন। নেতাদের খুশি করতে পারলেই নেতা হওয়া যায়। দুই বছর হতে চলল কমিটিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকই রইলেন। এখন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়া প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বলেন, এখান থেকে একটি কমিটি গঠন করে ঢাকায় কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। তবে শিগগিরই কমিটির পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংগঠনের সভাপতি ধনজিৎ ঘোষ বলেন, এই কমিটির বিষয় নিয়ে শিগগিরই তিনি ঢাকায় যাবেন।