সভাপতি-সম্পাদকসহ ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অছাত্রসুলভ আচরণের অভিযোগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র কেন দেওয়া হবে না সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুব ও সাধারণ সম্পাদক তানভীর মুজিব, মামুন সিকদার, আবু হানিফ, একাদশ শ্রেণী কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম ও কলেজ ছাত্রলীগের সদস্য পার্থ সাহা। ১২ অক্টোবর কলেজ অধ্যক্ষ গণেশচন্দ্র অধিকারী কারণ দর্শানোর নোটিশ ওই শিক্ষার্থীদের ঠিকানায় ডাকযোগে পাটিয়েছেন।অধ্যক্ষ গণেশচন্দ্র অধিকারী বলেন, ‘তারপরও ফয়সাল মাহবুব তার আচরণের কোনো পরিবর্তন করেনি। বরং বিভিন্ন সময় কলেজের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে। গত ২০ সেপ্টেম্বর ফয়সাল মাহাবুবের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন ছাত্র-অছাত্র সন্ত্রাসী আমার (অধ্যক্ষের) কক্ষে ঢুকে ভাঙচুর চালায় এবং আমাকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ১৩ সেপ্টেম্বর অযোগ্যতার কারণে ভেঙে দেওয়া কলেজ ছাত্র সংসদ পুনর্বহালের একটি নোটিশে স্বাক্ষর করিয়ে নেয়। এ ছাড়া আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সে জোরপূর্বক ছাত্র সংসদের কয়েকটি দপ্তরের নামে চেকে স্বাক্ষর করিয়ে নেয়। শিক্ষক পরিষদের জরুরি সভা চলাকালে সে দলবল নিয়ে সভাকক্ষে ঢুকে আমাকেসহ শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমি বাধ্য হয়ে নিজের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে ওই সদর থানায় মামলা করি। তাই কেন তাকে প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হবে না নোটিশ ইস্যুর তিন দিনের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই অভিযোগ তানভীর মুজিবসহ অন্যদের বিরুদ্ধে।’ফয়সাল মাহবুবকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ থেকে জানা গেছে, গত ৪ মে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষ সম্মান পরীক্ষার মৌখিক পরীক্ষায় বহিঃপরীক্ষকের (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি) সঙ্গে ফয়সালের অসদাচরণের জন্য কলেজের সুনাম নষ্ট হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুব গত সোমবার বলেন, ‘শুনেছি কেন বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হবে না সে রকম একটি নোটিশ ডাকযোগে আমাদের কাছে পাঠানো হয়েছে, তবে আমরা তা পাইনি। বহিঃপরীক্ষকের সঙ্গে অসদাচরণের বিষয়ে আমি লিখিত ক্ষমা চেয়েছি এবং পেয়েছি। কিছু অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষক আমাদের ওপর ক্ষুব্ধ হন। আমরা কেউ তাঁর কাছে চাঁদা চাইনি, কোনো শিক্ষক- কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আর কলেজ ছাত্র সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে তিনটি সতর্কীকরণ নোটিশ দিতে হয় কিন্তু অধ্যক্ষ সেটা করেননি। অধ্যক্ষ আমাদের ছাত্রত্ব বাতিল করে কলেজ সংসদ নির্বাচন থেকে দূরে রাখতে চান।’