সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল জয়ী হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদসহ অপর সাতটি পদে জয়ী হয়েছেন। দুই দিনব্যাপী নির্বাচন শেষে গতকাল বৃহস্পতিবার রাতে সমিতির নির্বাচন উপকমিটির চেয়ারম্যান আবুল কাসেম এম ফজলুল হক এই বেসরকারি ফল ঘোষণা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে জয়ী হয়েছেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে বদরুদ্দোজা বাদল জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মোমতাজউদ্দিন আহমদ মেহেদী। ১৪টি পদের বিপরীতে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে এ কে এম ফজলুল হক খান নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মো. নুুরুজ্জামান খান ও সহসম্পাদক পদে মো. মোশফাকুর রহমান জয়ী হয়েছেন। এই প্যানেল থেকে সদস্যপদে জয়ী হয়েছেন আফরোজা চৌধুরী, আফরোজা নাজনীন আক্তার, বিলকিস ফাতেমা ও মো. আবুল কালাম খান। অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সহসভাপতি পদে মো. গোলাম মোস্তফা, সহসম্পাদক পদে আ জ ম মোরশেদ আল মামুন জয়ী হয়েছেন। এই প্যানেলের সদস্যপদে জয়ী হয়েছেন মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল হক ও নাসরিন আক্তার।