সভাপতি-সম্পাদকের পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহর আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। এক দিনের ব্যবধানে শহর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে শহরের নয়টি ওয়ার্ডের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছেন। উভয়ই নিজেদের কমিটিকে বৈধ বলে দাবি করেছেন।গত বুধবার দুপুর পৌনে ১২টায় পৌরসভা মিলনায়তনে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, সাংগঠনিক ভিতকে শক্ত করার জন্য নতুন-পুরোনোর সমন্বয়ে নয়টি ওয়ার্ডে সম্মেলন ও কমিটি গঠন গঠন করা হয়েছে এবং গত ২৮ জানুয়ারি শহর আওয়ামী লীগের সভায় সর্বসম্মতভাবে তা অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কমিটির মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় তা বহাল রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক তরুণ কুণ্ডু, জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার, জেলা স্বেচ্ছাসেকব লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল বোস, শহর আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু নাঈম প্রমুখ।এর এক দিন পর গতকাল বৃহস্পতিবার একই সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি মো. শাহ জালাল খান এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সারা দেশে সব পর্যায়ে কমিটির সম্মেলন অনুষ্ঠানের সময়সীমা বেঁধে দেন। সে অনুযায়ী ইতিমধ্যে তাঁরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করেছেন। ৪ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলনের তারিখ নির্ধারণ করা হয়।মো. শাহ জালাল খান অভিযোগ করেন, শহর আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে গাজী হাফিজুর রহমানের সাজানো ও অসত্য তথ্য পরিবেশনে নেতা-কর্মীরা হতবাক।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহসভাপতি কাজী রব, মো. তারিকুজ্জামান, শামসুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, শহীদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মৃধা, এনামুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক মনু চৌধুরী, সহদপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক কিবরিয়া, ত্রাণবিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান প্রমুখ।গাজী হাফিজুর রহমান বলেন, সভাপতির কমিটির অনুমোদন দেওয়ার বৈধতা নেই। তাঁর অনুমোদিত কমিটিই বৈধ।মো. শাহ জালাল বলেন, শহর আওয়ামী লীগের সভায় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক তাঁদের বেশ কয়েকটি সম্মেলনে উপস্থিত ছিলেন না। এর জন্য কমিটি গঠনে তাঁর দ্বিমত থাকলে সাংগঠনিক রীতি অনুযায়ী জেলা আওয়ামী লীগকে জানানোর কথা। কিন্তু তিনি তা না করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ শহর আওয়ামী লীগের সম্মেলন বানচাল করার পাঁয়তারা চালাচ্ছেন। বিষয়টি জেলা আওয়ামী লীগকে অবহিত করা হয়েছে।