সভাপতি-সম্পাদকের প্রার্থী বিভ্রান্তিতে নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর বদলগাছীতে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখানে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আলাদাভাবে চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এ নিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন।
দল থেকে জানা গেছে, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এস এম জাকিতুল্ল্যা। ২০১২ সালে উপজেলা যুবদলের কমিটি গঠন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সভাপতি তাঁর আস্থাভাজন ব্যক্তিদের যুবদলের কমিটিতে আনতে চেয়েও পারেননি। ওই কাজে ব্যর্থ হয়ে একই বছর তিনি তাঁর আস্থভাজনদের নিয়ে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করার উদ্যোগ নেন। কিন্তু সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা তাতে বাধা দেওয়ায় তিন তা করতে পারেননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে। এতে ছাত্রদলের কমিটি গঠন ভেস্তে যায়। এ ঘটনার পর থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিভক্ত হয়ে পড়েন। এর পর থেকেই দুটি পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে।
দল থেকে আরও জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে দুটি পক্ষ দুজনকে আলাদাভাবে সমর্থন দিয়েছে। সভাপতি আকতার হামিদ ঠাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর মহীউদ্দিন আলম-গীরকে আর সাধারণ সম্পাদক জাকিতুল্ল্যা উপজেলা বিএনপির সহসভাপতি রুমি চৌধুরীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। এতে তৃণমূলের নেতা-কর্মীরা কার পক্ষে কাজ করবেন তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন। উপজেলার কালা ইউনিয়ন বিএনপির সমর্থক রেজাউল করিম বলেন, ‘দলের দুই পক্ষ আলাদাভাবে চেয়ারম্যান প্রার্থী দিয়েছে। দুই পক্ষ তাঁদেরকে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছে। এ কারণে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাকিতুল্ল্যা দলীয় কোন্দল থাকার কথা স্বীকার করে জানান, তাঁরা রুমি চৌধুরীকে দল থেকে সমর্থন দিয়েছেন। পরে সভাপতি আকতার হামিদ ইউপি চেয়ারম্যান মহীউদ্দিন আলমগীর নামে এক ইউপি চেয়ারম্যানকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। রুমি চৌধুরীই দলের একক প্রার্থী। আকতার হামিদ দাবি করেন, মীর মহীউদ্দিন আলমগীর বিএনপির প্রার্থী। রুমি চৌধুরীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি। কাজেই মহীউদ্দিনই দলীয় প্রার্থী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, বদলগাছীতে বিএনপি-সমর্থিত প্রার্থী রুমি চৌধুরী। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক রুমি চৌধুরীকে প্রার্থী করা হয়েছে।