সভাপতি, সম্পাদকের বিরুদ্ধে নেতা-কর্মীদের নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা কমিটির পাল্টাপাল্টি সভা করার মধ্য দিয়ে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। একাংশের নেতা-কর্মীদের নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে সভা করলেও দলটির জেলা কমিটির বড় একটি অংশ ওই সভা বর্জন করেছে। এ অংশ পৃথক সভার মাধ্যমে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে।
গতকাল সোমবার বিকেল তিনটায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী শহরে দলের জেলা কার্যালয়ে এক সভা আহ্বান করেন। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে এ সভা ডাকা হয়। সভার শুরুতেই নানা অভিযোগ তুলে জেলা কমিটির বড় একটি অংশের নেতা-কর্মীরা ওই সভা বর্জন করেন। পরে বাকিদের নিয়ে সভা শেষ করেন জেলা কমিটির সভাপতি ও জয়পুহাট-১ আসনের সাংসদ সামছুল আলম এবং সাধারণ সম্পাদক সোলায়মান আলী।
অন্যদিকে জেলা কমিটির সহসভাপতি মোমিন আহম্মেদ চৌধূরী, নৃপেন্দ্রনাথ মণ্ডল ও গোলাম হক্কানীর নেতৃত্বে কমিটির ৪৪ জন নেতা-কর্মী শহীদ ডা. আবুল কাশেম ময়দানের রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে পৃথক সভা করেন। ওই সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে গত ১৮ নভেম্বর দলীয় গঠনতন্ত্র ভেঙে ডাকবাংলোতে বিনা নোটিশে নিজস্ব লোকজন নিয়ে সভা করে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের প্রস্তাব, টেন্ডারবাজি, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, জামায়াত ও বিএনপিপন্থী নাশকতাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ইত্যাদি। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহসভাপতি মোল্লা সামছুল আলম।
মোমিন আহম্মেদ চৌধূরি বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনে কাজ করছেন। তাঁরা নিজেদের মতো করে দল পরিচালনা করছেন। তাঁদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদস্বরূপ জেলা কমিটির ৪৪ জন নেতা-কর্মী তাঁদের ডাকা সভা বর্জন করে পৃথক সভা করেন। তিনি আরও দাবি করেন, ওই সভা বর্জন করে তাঁরা যে সভা করেছেন, সেটির সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহসভাপতি মোল্লা সামছুল আলম।
সভাপতি, সাধারণ সম্পাদক পক্ষের নেতা জেলা কমিটির অপর সহসভাপতি রাজা চৌধুরী বলেন, সভা শুরুর আগেই অপর পক্ষ সভা বর্জন করে। বিজয়ের মাসে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে ডাকা সভা থেকে তাদের বর্জন করা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।
এদিকে সাধারণ সম্পাদক সোলায়মান আলী সভাপতি ও তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রে অনাস্থা প্রস্তাব আনার কোনো বিধান নেই। সভা শুরু না হতেই দলের একটি অংশ অযৌক্তিক অভিযোগ তুলে সভা বর্জন করে। সভাটি দলীয়ভাবে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের জন্য ডাকা হয়েছিল। তিনি দাবি করেন, ৩০ জনেরও বেশি নেতা-কর্মী তাঁদের সভায় অংশ নেন।
সভাপতি সামছুল আলম অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, তিনি কখনো টেন্ডারবাজি করেননি। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদেরও আশ্রয় দেননি। জয়পুরহাটে কারা টেন্ডারবাজি করে, কারা সন্ত্রাসীদের দলে ভিড়িয়েছে, তা জয়পুরহাটবাসী জানে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য এসব অভিযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন।