সভাপতি সাংসদ বাহাউদ্দিন, রিফাত সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ ক ম বাহাউদ্দিন,আরফানুল হক
আ ক ম বাহাউদ্দিন,আরফানুল হক

সিটি করপোরেশন প্রতিষ্ঠার ছয় বছর পর গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করা হয়।

নতুন কমিটি গঠিত হওয়ায় দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগে পদ পেলেন দুবারের নির্বাচিত সাংসদ ও বিলুপ্ত কুমিল্লা পৌরসভার দুবারের নির্বাচিত চেয়ারম্যান আ ক ম বাহাউদ্দিন। একই সঙ্গে তিনি দলের সদস্যপদও ফিরে পেলেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম গতকাল রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, ‘দলীয় সভানেত্রী শেখ হাসিনা কুমিল্লা সদরে আ ক ম বাহাউদ্দিনকে সভাপতি ও আরফানুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দিয়েছেন। কিছুক্ষণ আগে (সন্ধ্যা সোয়া সাতটায়) রিফাতের কাছে কমিটির অনুমোদিত নামের তালিকা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির মধ্যে তিন-চারজনের নাম পরে অন্তর্ভুক্ত করা হবে।’

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক আরফানুল হক মুঠোফোনে বলেন, ‘গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে অনুমোদিত কমিটির নামের তালিকা পাই। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে ওই কমিটির কাগজ নিই।’ এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হয়। এরপর গত ছয় বছরে মহানগরে আওয়ামী লীগের কোনো কমিটি হয়নি। যদিও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে ঘিরে তাঁর অনুসারী নেতা-কর্মীরা মহানগর আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এরপর দেড় মাস আগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে আ ক ম বাহাউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আরফানুল হক রিফাতের নাম অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় আওয়ামী লীগ একটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে। তখন ওই দুই ব্যক্তিসহ আরও পাঁচজনকে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ঢাকায় গণভবনে ডেকে নেওয়া হয়। এরপর ওই কমিটির অনুমোদন পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘদিন। তবে সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সদস্য কার্যক্রম সাংসদই পরিচালনা করছেন।