সভাপতি সিরাজুল মোস্তফা, সম্পাদক মুজিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল মোস্তফা। সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান। সিরাজুল মোস্তফা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর মুজিবুর রহমান শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
গতকাল রোববার বিকেলে শহরের সার্কিট হাউস সম্মেলনকক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় দলের গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ জেলার জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি-সম্পাদক প্রার্থীদের সার্কিট হাউসে ডেকে পাঠান। এরপর তিনি সমঝোতার ভিত্তিতে সভাপতি হিসেবে সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক হিসেবে মুজিবুর রহমানের নাম ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমি নিজেও সভাপতি প্রার্থী ছিলাম। কিন্তু দলের নির্দেশ মানতে হবে। আমরা সবাই সিরাজুল মোস্তফা আর মুজিবুর রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিয়েছি।’
মুজিবুর রহমান জানান, ‘শিক্ষিত ও মেধাবী তারুণ্যনির্ভর জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের চেষ্টা চালাব।’
সিরাজুল মোস্তফা বলেন, ‘দলকে চাঙা করতে অপ্রাণ চেষ্টা চালাব।’