সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের চিংড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হতে না পারায় পরাজিত প্রার্থী ও তাঁর লোকজন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার দাসকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি ওই স্কুলের পরিচালনা কমিটির চার অভিভাবক সদস্য নির্বাচিত হন। শনিবার ছিল সভাপতি নির্বাচনের দিন। সমঝোতা না হওয়ায় দুপুর ১২টার দিকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত হয়। নির্বাচনে আজিবর রহমান ও আবদুল মোমিন প্রতিদ্বন্দ্বিতা করেন। আাাজিবর রহমান ছয় ভোটে জয়লাভ করেন।ফলাফল ঘোষণার পর আবদুল মোমিন ও তাঁর ছেলে ইয়াসিনের নেতৃত্বে ২০-২২ জন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার দাসের কক্ষে ঢুকে ভাঙচুর ও তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। প্রধান শিক্ষক জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে তৎক্ষণাৎ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন ইন্দ্রজিৎ কুমার দাস বলেন, ‘আমি জীবনে কখনো ভাবতেও পারিনি এমন ঘটনা ঘটতে পারে। সৎ পথে থাকায় আমাকে অপমানিত হতে হলো।’বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাধাপদ দাস বলেন, এ ঘটনার প্রতিবাদে ছাত্র-শিক্ষকেরা গতকাল ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। শিক্ষক আতাউর রহমান বলেন, সুষ্ঠু বিচারের দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।আবদুল মোমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ছেলে ইয়াসিন জানান, তাঁর বাবা ফোন রেখে বাইরে চলে গেছেন। তিনি দাবি করেন, মারামারির কোনো ঘটনা ঘটেনি, প্রধান শিক্ষক হাসপাতালে গিয়ে মিথ্যা কাহিনি সাজাচ্ছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে পরিচালনা কমিটির সভাপতি থানায় লিখিত অভিযোগ করেছেন। বিদ্যালয়ের বর্তমান সভাপতি আজিবর রহমান জানান, তিনি এ ব্যাপারে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।