সভাপতিকে অবরুদ্ধ করে রাখল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ, সেশনজট নিরসন, সেমিনার খোলা, নিয়মিত ক্লাস গ্রহণসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সভাপতিকে তাঁর কক্ষে তালা মেরে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর গিয়ে সভাপতির কক্ষের তালা খোলেন।
সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা জানান, বিভাগে প্রথম বর্ষ আছে তিনটি। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বর্তমানে তৃতীয় বর্ষে থাকার কথা, অথচ এখনো তাঁরা দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করতে পারেননি। এই শিক্ষার্থীদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা হয়েছে গত বছরের অক্টোবরে। ছয় মাসেও ফলাফল এখনো প্রকাশ হয়নি। এসব বিষয় নিয়ে বিভাগের শিক্ষকেরা খুবই উদাসীন।
নাম প্রকাশ না করার শর্তে সংস্কৃত বিভাগের এক শিক্ষক বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করেছে, সেগুলো সত্য। সেমিনার দুই মাস ধরে বর্তমান সভাপতির নির্দেশে বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল তাঁর। এটি করা গেলে অবরুদ্ধ হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারতেন।
সংস্কৃত বিভাগের সভাপতি অধ্যাপক সুপ্তিকণা মজুমদার বলেন, ‘আমি মাত্র দুই মাস হলো এই বিভাগের সভাপতি হয়েছি। সব দায়িত্ব এখনো বুঝে পাইনি। শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। কিন্তু ব্যস্ততা থাকায় তাদের পরে আসতে বলি। কিন্তু তারা আমার কথা না শুনেই কক্ষে ভিড় করে। একজন শিক্ষার্থী আমাকে ধাক্কাও দেয়। আমাকে ভেতরে রেখে বাইরে তালা লাগিয়ে দেয়।’
প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে দুজন সহকারী প্রক্টর গিয়ে অবরুদ্ধ সভাপতির কক্ষের তালা খুলে দেন। তালা ঝুলিয়ে শিক্ষককে অবরুদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত ঘটনাটি তদন্ত করে দেখা হবে।