রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সভাপতির অপসারণ দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামানের পদত্যাগের দাবিতে গতকাল রোববার ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১১ জন শিক্ষক। এদিকে বিভাগটির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সম্প্রতি পাল্টাপাল্টি অভিযোগ তুলতে থাকে শিক্ষকদের দুটি পক্ষ। একদিকে আছেন বিভাগের সভাপতি নাসিমা জামান ও সহকারী অধ্যাপক রুখসানা পারভীন। অপরপক্ষে আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিনসহ ১১ শিক্ষক।
রুহুল আমিনের পক্ষের শিক্ষকেরা গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরা গতকাল বিভাগের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।
আন্দোলনের বিষয়ে শিক্ষক রুহুল আমিন বলেন, ‘বিভাগের সভাপতি ও একজন শিক্ষিকা অন্যান্য শিক্ষকের সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে বিভাগের শিক্ষকদের মানহানি হচ্ছে ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’
তবে বিভাগের সভাপতি নাসিমা জামান বলেন, যৌন হয়রানির অভিযোগ, সান্ধ্য মাস্টার্স কোর্সের দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ ঢাকতেই ওই ১১ শিক্ষক অশিক্ষকসুলভ এ কর্মসূচি হাতে নিয়েছেন।
ওই ১১ শিক্ষক গত ২৭ জুলাই বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামানের কাছে লিখিত অভিযোগ দেন। এতে তাঁর পক্ষের শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলা হয়। ৩১ জুলাই শিক্ষক রুখসানা পারভীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ওই শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেন। এতে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। পরে ২ আগস্ট সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
অবস্থান কর্মসূচি স্থগিত
আন্দোলনকারী শিক্ষকদের একজন অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করায় তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। তবে বিভাগীয় সভাপতিকে অসহযোগিতা এবং একাডেমিক ও প্ল্যানিং কমিটির সভা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।