নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার মিছিল করেছে। মিছিল শেষে তারা উপজেলা পরিষদে গিয়ে স্থানীয় সাংসদের কাছে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির পদ থেকে পৌর মেয়র আবদুল মালেক মিঠু চৌধুরীকে অপসারণের দাবি জানায়। তবে মেয়র দাবি করেছেন, প্রধান শিক্ষক নিয়োগের দ্বন্দ্বে ছাত্রদের ব্যবহার করা হচ্ছে।দুপুরে বিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদে যায়। এ সময় সেখানে উপস্থিত সাংসদ জিয়াউর রহমানের (চাঁপাইনবাবগঞ্জ-৩) কাছে তারা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে অপসারণ ও নবনিযুক্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাতিলের দাবি জানায়। সাংসদ জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘৮০-৯০ জন শিক্ষার্থী এসব দাবি নিয়ে উপজেলা পরিষদে এসে স্লোগান দেয়। এ সময় আমি উপজেলা সমন্বয় পরিষদের সভায় ছিলাম। বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’ তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদেরও এতে জড়ানো হচ্ছে। আবদুল মালেক মিঠু চৌধুরী বলেন, প্রধান শিক্ষক নিয়োগ-বিরোধীরা শিক্ষার্থীদের প্ররোচিত করে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। গত সোমবার বিদ্যালয় মাঠে একই সময়ে উভয় পক্ষের সভা আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়।