রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ২৫১ জন শিক্ষক নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির কক্ষে তালা লাগানোর ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন। এ দাবিতে ২৫১ জন শিক্ষক গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন।স্মারকলিপিতে বলা হয়, নাট্যকলা বিভাগের তৎকালীন সভাপতি মলয় ভৌমিকের কক্ষে তালা লাগানোর ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনে ওই বিভাগের ১৬ জন শিক্ষকের বিরুদ্ধে আইন অমান্য করে ক্যাম্পাসে নজিরবিহীন কর্মকাণ্ড ঘটানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিন্তু ওই ঘটনার পেছনের কারণ ও ইন্ধনদাতা কারা ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। স্মারকলিপিতে তদন্তের মাধ্যমে অপরাধী ১৬ জন শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণসহ ঘটনার পেছনের ইন্ধনদাতাদের খুঁজে বের করে শাস্তি প্রদানের দাবি জানানো হয়।অধ্যাপক তফাজ্জল হোসেন তরফদার, মাহবুবর রহমান, জালাল উদ্দিন, আনন্দ কুমার সাহা, চিত্তরঞ্জন মিশ্র, এস এম আবু বকর, শামসুদ্দিন ইলিয়াস, হাসিবুল আলম প্রধান, এস এম জাহিদ হোসেন, বীথিকা বণিক, প্রণব কুমার পাণ্ডে, রবিউল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সাদেক মো. কামরুজ্জামান, মুসতাক আহমেদসহ ২৫১ জন প্রগতিশীল শিক্ষক ওই স্মারকলিপিতে স্বাক্ষর করেন।গত ৩১ মার্চ নাট্যকলা ও সংগীত বিভাগের ১৬ জন শিক্ষক ওই বিভাগের সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দেন।