বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির পদ থেকে আওয়ামী লীগের সাংসদ (সংরক্ষিত মহিলা আসন) নূর আফরোজ আলীকে প্রত্যাহার করে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাঁর স্থলে বাগেরহাটের জেলা প্রশাসককে ওই পদে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠি গত শনিবার কলেজের অধ্যক্ষ বরাবর পৌঁছেছে। জানা গেছে, কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নূর আফরোজ আলীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের মধ্যে ছিল—ওই বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ তিন শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দেওয়া, কলেজের ৮৬ জন শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করে দেওয়া, সভাপতির স্বামী কর্তৃক কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডিন (স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা) এস এম আবু রায়হান চলতি বছরের জানুয়ারি মাসে তদন্ত করেন। তদন্তে সত্যতা পাওয়ায় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব থেকে নূর আফরোজ আলীকে প্রত্যাহার করে নেওয়া হয়।সাংসদ নূর আফরোজ আলীকে বলেন, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এখনো কিছু জানায়নি।