সভাপতির পদ না পেয়ে ক্ষুব্ধ জাপা ও স্বতন্ত্র সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সাংসদেরা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তাঁরা ক্ষোভ জানান।
এর আগে গত সোমবার রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টিকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ না দেওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তবে সরকারি দলের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে জাতীয় পার্টির কাউকে না দেওয়া খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। জাতীয় পার্টি প্রধান বিরোধী দল ও বড় রাজনৈতিক সংগঠন। কিন্তু জাতীয় পার্টিকে মানুষ সত্যিকার বিরোধী দল মনে করতে চায় না। জাতীয় পার্টি সম্পর্কে মানুষের ধারণা খুব খারাপ। এর বড় নজির সাম্প্রতিক উপজেলা নির্বাচন। বাইরে আমাদের মুখ দেখাতে কষ্ট হয়।’
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, স্বতন্ত্র ১৯ জন সাংসদ থাকলেও একটি সভাপতির পদও দেওয়া হয়নি। সরকার উদারতা ছেড়ে কেন কৃপণতায় চলে গেল, তা বোঝা গেল না।
জানা যায়, স্থায়ী কমিটির সভাপতির পদ না পেয়ে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সাংসদদের কেউ কেউ ক্ষুব্ধ হন। গত সোমবার উচ্চ আদালতের বিচারকদের ৫০ শতাংশ ভাতা বাড়ানো-সংক্রান্ত বিল পাসের সময় কয়েকজন স্বতন্ত্র সাংসদ ওয়াকআউটের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সংরক্ষিত আসনের তিন নারী সাংসদ সম্মত না হওয়ায় ওয়াকআউট হয়নি।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, স্বতন্ত্র সাংসদ কামরুল আশরাফ খান স্বতন্ত্র তিন নারী সাংসদকে ওয়াকআউট করার কথা বলেন। কিন্তু নারী সাংসদেরা সম্মত না হওয়ায় কামরুল আশরাফ বলেন, তাঁরা সমর্থন প্রত্যাহার করলে তিন নারী সাংসদের সদস্যপদ থাকবে না।
এ পরিস্থিতিতে তিন নারী সাংসদ তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর লবিতে গিয়ে তাঁর কাছে বিষয়টি জানান।
জাতীয় পার্টি ও স্বতন্ত্র সাংসদদের দাবি সম্পর্কে জানতে চাইলে সরকারের একজন নীতিনির্ধারক পাল্টা প্রশ্ন করেন, জাতীয় পার্টি থেকে মন্ত্রী নেওয়া হয়েছে। আবার সভাপতির পদ কেন দিতে হবে?
তিন দফায় মন্ত্রণালয় এবং সংসদবিষয়ক ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটির সভাপতি আওয়ামী লীগদলীয় সাংসদ। গত সংসদে বিরোধী দল বিএনপিকে দুটি স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছিল।
বিএনএফের আবুল কালাম আজাদ পয়েন্ট অব অর্ডারে বলেন, ‘তিস্তা চুক্তি হয়নি, ছিটমহল চুক্তি হয়নি। দ্বিপক্ষীয় সমস্যার সমাধান না করে আমরা একটার পর একটা ভারতের দাবি মেনে যাব, তা হতে পারে না। তিস্তা চুক্তির আগে ভারতকে কোনো করিডর দেওয়া যাবে না।’