সভাপতির পদ নিয়ে অসন্তোষ, ক্লাস বন্ধ
যশোরের অভয়নগর উপজেলার মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদের অনুমোদন নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে অভিভাবকেরা বিদ্যালয়টিতে তাঁদের ছেলেমেয়েদের পাঠানো বন্ধ করে দিয়েছেন। ফলে চার দিন ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, গত ১৬ এপ্রিল বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল সভাপতি পদে মো. মফিজ উদ্দিন নির্বাচিত হন। সভাপতি পদে তাঁর অনুমোদনের জন্য কাগজপত্র যশোর শিক্ষা বোর্ডে পাঠানো হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার রায় জামির আলী মোল্যা নামের এক ব্যক্তিকে সভাপতি করে অনুমোদন চেয়ে বোর্ডে কাগজপত্র পাঠান। গত ১৪ মে বোর্ড জামির আলীকে সভাপতি পদে অনুমোদন দেয়। এ ঘটনায় অভিভাবকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন; এবং ৫ জুন মো. মফিজ উদ্দিন যশোর সহকারী বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। এদিকে, গ্রীষঞ্চকালীন ছুটি শেষে গত শনিবার বিদ্যালয় খুললে ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. কামরুজ্জামান গত রোববার বিদ্যালয়ে গিয়ে তালা খুলে দেন। কিন্তু বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় চার দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। আমি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ করেছি।