কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতির পদত্যাগ এবং ওই বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচারের দাবিতে দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছেন। গতকাল শনিবার বেলা একটায় শহরের বকচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ফিন্যান্স বিভাগের সভাপতি মাহবুবুল আরেফিনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না।’ শিক্ষার্থীরা আরও জানান, তাঁদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। তাই তাঁরা ক্যাম্পাসের বাইরে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন। উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে ফিন্যান্স বিভাগের সভাপতির পদত্যাগ দাবি করে গত ২৫ এপ্রিল সকালে ওই বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালালে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন। বিভাগীয় সভাপতির পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে গত ২৮ এপ্রিল থেকে তাঁরা ক্লাস বর্জন করে আসছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৫ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো চেষ্টা করেনি। তাঁদের ওপর হামলাকারীদের বিচারের জন্য কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি।