শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সিরাজ সিকদার কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজহারুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। দুই সপ্তাহ ধরে তাঁরা ক্লাস বর্জন করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে এ পরিস্থিতির কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
উপজেলার ডিএমখালী এলাকায় সিরাজ সিকদার কলেজ অবস্থিত। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, কলেজের শিক্ষার্থীরা গত ৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জে শিক্ষা সফরে যান। তাঁদের সঙ্গে শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজহারুল ইসলাম ছিলেন। আজহারুল ইসলামের সঙ্গে ছিলেন তাঁর এক নারী আত্মীয়। ওই দুজনের আচরণ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সভাপতির পদত্যাগের দাবি জানান। ৬ মার্চ ক্লাস বর্জন করে তাঁরা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি নিয়ে ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরবর্তী সময়ে সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ১৬ মার্চ আবার শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর থেকেই কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘২০১১ সালের সেপ্টেম্বর থেকে কলেজে সভাপতির দায়িত্ব পালন করছি। ওই এলাকায় আমার একটি রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তারা ছাত্রদের ভুল বুঝিয়ে আন্দোলন করাচ্ছে।’