চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ
সভাপতির বর্তমান অনুসারীদের পিটিয়েছেন সাবেক অনুসারীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘অবাঞ্ছিত’ সভাপতি মামুনুল হকের অনুসারীদের ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিয়েছে তাঁরই একসময়ের অনুসারীরা। মামুনুলের পক্ষে কথা বলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রাহাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হকসহ কয়েক জনকে মারধর করে বের করে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগনিয়ন্ত্রিত শাহজালাল হলে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের সভাপতির বিপক্ষে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা জানান, মামুনুল হকের অনুসারী ৮-১০ জন নেতা-কর্মী কয়েক দিন আগে ক্যাম্পাসে প্রবেশ করেন। এর পর থেকে তাঁরা জুনিয়র নেতা-কর্মীদের কাছে মামুনুলের পক্ষে সাফাই গান এবং মামুনুলকে ক্যাম্পাসে প্রবেশ করানোর ব্যাপারে কথা বলেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে রাহাতের কাছে জবাবদিহি চাইতে কয়েকজন নেতা-কর্মী তাঁর কক্ষে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে রাহাত মেরাজ নামের এক কর্মীকে ছুরিকাঘাত করেন। পরে রাহাত ও রেজাউলসহ মামুনুল হকের পক্ষের নেতা-কর্মীদের পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন সভাপতির বিপক্ষের নেতা-কর্মীরা।
একসময়ের সভাপতির অনুসারী বর্তমানে তাঁর বিপক্ষে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল উদ্দিন বলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও নিয়োগ-বাণিজ্যকারী অবাঞ্ছিত সভাপতি মামুনুল হকের পক্ষে কথা বলতে আসায় জুনিয়র নেতা-কর্মীরা তাঁদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন।
রাহাত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা সভাপতির পক্ষ হয়ে কোনো কথা বলিনি। সবাই মিলে নতুন কমিটি গঠনের ব্যাপারে কথা বলেছি। কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমার কক্ষ ভেঙে আমাকেসহ কয়েকজনকে মারধর করে।’ তিনি কাউকে ছুরিকাঘাত করেননি বলে দাবি করেন।
গত ২৭ আগস্ট সভাপতি মামুনুল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন একসময়ের তারই অনুসারীরা।